শনিবার রাজধানী দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি।   সারা দেশের ছাত্র যুবদেরক দিল্লিতে আহ্বান জানানো হয়েছে। শনিবার দিল্লির নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা রয়েছে, এমন একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসও। ফলে সমস্যায় পড়তে পারেন বাংলার বহু রেলযাত্রী। রেল সূত্রে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, শুক্রবার ৯ অক্টোবর দুপুর ২টোর পর যাত্রার প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নিউ দিল্লি অথবা হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল, এমন মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দিল্লিগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা ব্যাহত হবে। যন্তর মন্তরে বিক্ষোভের আগেই এই সিদ্ধান্ত নিয়ে বাড়ছে রাজনৈতিক তরজা।


বাতিলের তালিকায় রয়েছে—

- হাওড়া–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৩০১)
- শিয়ালদহ–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
- রাজেন্দ্র নগর টার্মিনাল–নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস (১২৩০৯)
- মগধ এক্সপ্রেস
- সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস
- রাজেন্দ্র নগর টার্মিনাল থেকে ছাড়ার কথা থাকা অমৃত ভারত এক্সপ্রেস

১০ অক্টোবর দিল্লির গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলির আশপাশে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের যাতায়াতে সম্ভাব্য বিঘ্ন এড়াতেই রেলের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে CJP-র প্রস্তাবিত বিক্ষোভ ঘিরেও দিল্লিতে নিরাপত্তা ও যান চলাচল নিয়ে সতর্কতা রয়েছে। তবে এভাবে বিক্ষোভে সামিল হওয়া থেকে কতটা আটকানো যাবে সাধারণ মানুষকে এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন স্তরে।

 তার আগে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ ডিএমআরসি-কে এমনই পরামর্শ দিয়েছে বলে জানা গিয়েছে।