মাদকবিরোধী আন্দোলনের কর্মী পরবিন্দর সিং ঝোটার (Anti-drug movement activist Parvinder Singh Jhota) মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের মানসায় ছড়াল তীব্র উত্তেজনা। ঘটনার প্রতিবাদে বুধবার অভিযুক্ত ওষুধ ব্যবসায়ীর দোকানে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ জনতার একাংশ। অশান্তি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি অভিযুক্তের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপও করা হয়েছে। এক সমাজকর্মীর হত্যাকাণ্ড ঘিরে জনরোষের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
এই হত্যাকাণ্ডের পর থেকেই মাদক সমস্যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে পাঞ্জাবে। বিজেপির সভাপতি কেওয়াল সিং ধিলোঁ সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। তাঁর দাবি, মাদকের বাড়বাড়ন্ত রুখতে ব্যর্থ রাজ্য সরকার। পরিস্থিতির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি। পাঞ্জাব পুলিশের একাংশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।
ঘটনার নেপথ্যে রয়েছে একটি ওষুধের দোকানকে ঘিরে বিবাদ। অভিযোগ, সেখানে মাদক বিক্রির প্রতিবাদ জানাতে গিয়ে দোকান মালিক অশ্বিনী কুমারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন পরবিন্দর। মঙ্গলবারের সেই বচসা ক্রমে হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ, ওই সময়ই পরবিন্দরকে গুলি করেন অশ্বিনী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার পর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
বুধবার সকালে সালসার এলাকা থেকে অশ্বিনীকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, পরবিন্দরের মৃত্যুর প্রতিবাদে অভিযুক্তের দোকানের সামনে জমায়েত করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন জনতার একাংশ দোকানে আগুন লাগিয়ে দেন। আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও চর্চায় আসে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অশ্বিনীর দোকানের সংলগ্ন বাড়ির একাংশও বুধবার ভেঙে দেয় প্রশাসন। বাড়িটিতে বেআইনি নির্মাণের অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। এলাকায় যাতে নতুন করে সংঘর্ষ বা অশান্তি না ছড়ায়, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঘটনাস্থলে ছিলেন মানসার পুলিশ সুপার বৈভব চৌধুরী। পরবিন্দরের মৃত্যু ঘিরে তদন্তের পাশাপাশি মাদক কারবারের অভিযোগ এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিতর্কও এখন নতুন করে সামনে এসেছে।















