জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। সিজেপির দুই নেতার গ্রেফতারির প্রতিবাদে আগামী ১৬ অক্টোবর দিল্লিতে (Delhi) বড়সড় পদযাত্রার ঘোষণা করেছেন তিনি। শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য শহরেও একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দীপকে। তাঁর কথায়, জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করা কোনও অপরাধ হতে পারে না।

আরও পড়ুন: প্রশাসনে ২৫ বছর মোদির, স্বীকৃতি জানিয়ে বিশেষ প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার

মঙ্গলবার দিল্লির যন্তর- মন্তরে পুলিশের বাধা অতিক্রম করে প্রবেশ করেন ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ওই ঘটনায় গ্রেফতারির পর দু’জনকেই পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। 

আরও পড়ুন: IPL: দাদা হাল ধরতেই শুরু বদল, ৫ কোটির পেসারকে বিক্রি করল দিল্লি ক্যাপিটালস

বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দীপকে। সমাজমাধ্যমে তিনি জানান, সৌরভ, আশুতোষ কোনও অপরাধ করেননি, তাঁরা শুধু তেরঙ্গা উড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তিনি লেখেন, "দোষ শুধু তেরঙ্গা ওড়ানো। হিম্মত থাকলে মোদিজি, এমার্জেন্সি ঘোষণা করুন।"

দলের দুই নেতা আগামী পাঁচ দিন জেলেই থাকবেন। সেই পরিস্থিতিতেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন ককরোচ প্রধান। আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দীপকের বার্তা, যাঁরা জাতীয় পতাকাকে ভালোবাসেন, তাঁরা যেন এই প্রতিবাদে যোগ দেন। দিল্লিতে পৌঁছনো সম্ভব না হলে নিজেদের শহরেই একই দাবিতে পথে নামার পরামর্শ দিয়েছেন তিনি। এই আন্দোলনের জেরে নিজের গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না দীপকে।