পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan) স্বাস্থ্যের হাল নিয়ে আতঙ্কিত কিংবদন্তি ক্রিকেটাররা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দ্বিতীয়বার চিঠি লিখলেন কপিল দেব, সুনীল গাভাসকরসহ ২১ জন প্রাক্তন ক্রিকেটার। ইমরানের(Imran Khan) চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার জন্য পাক প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন বিশ্বের ২১ জন প্রাক্তন ক্রিকেটার।
৬ মাসে আগে একবার ইমরান খানের সমর্থনে চিঠি লিখেছিলেন কপিল-সানিরা। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন প্রাক্তন অধিনায়ক চিঠি লিখে ইমরান খান-এর স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । দ্বিতীয় চিঠিতেও জেলবন্দি থাকা ইমরানের সঠিক চিকিৎসার আবেদন করা হয়েছে। ইমরানের পরিবার অভিযোগ করেছে, তাঁর এক চোখের দৃষ্টি পুরোপুরি চলে গিয়েছে । মাঝেমধ্যেই তাঁকে নিয়ে মৃ্ত্যুর গুজবও ছড়িয়ে পরছে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলের এই উদ্যোগ নেন ছয় মাস আগে। এবার চিঠিতে গাভাসকর, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকর মাইকেল অ্যাথারটন, মাইকেল ব্রিয়ারলি, নাসের হুসেন, অ্যান্ড্রু স্ট্রস এবং ডেভিড গাওয়ারের মতো প্রাক্তন অধিনায়কেরা সই করেছেন। অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়া এবং কিম হিউজও ইমরানের সমর্থনে চিঠি লিখেছেন।
বর্তমান চিঠিতে বলা হয়েছে, "পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইমরান খানকে হাসপাতালে ভর্তি করার এবং একটি মেডিক্যাল বোর্ডকে দিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করানোর। সেই বোর্ডে যেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বোন উজমা খানও থাকবেন। শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সপ্তাহে একদিন পারিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে দেওয়ার। আমরা স্বাগত জানিয়েছিলাম সেই সিদ্ধান্তকে। কিন্তু ইমরানকে মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল। তাঁকে সরকার পরিচালিত চিকিৎসকেরা পরীক্ষা করেন। আদালতের নির্দেশ মানা হয়নি। তিন বছরেরও বেশি সময় ধরে বন্দি রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে চলা আইনি ও রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ করা একটি মৌলিক মানবিক বিষয়।"
কপিল দেব বলেছেন, "আমি পাকিস্তানি ক্রিকেটারদের কিছু না বলার জন্য দোষী বলতে পারি না। তাঁদের সেখানে থাকতে হয়। কিন্তু আমরা বাইরে থেকে দেখছি। হ্যাঁ, আমি সেই বন্ধুর সমর্থন করতে চাই, যার সঙ্গে আমি খেলেছি এবং যার ক্রিকেটিং দক্ষতার আমরা প্রশংসা করি।"
















