কাবাডি খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম সঞ্জীব সরকার। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট এলাকায়। একটি আট দলীয় কাবাডি টুর্নামেন্ট চলাকালীন মৃ্ত্য়ু হয় তাঁর। খেলার মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কবাডি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সঞ্জীব সরকারের দলও। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামে সঞ্জীবরা। প্রতিপক্ষ ছিল কালমাটি দল।
মৃত কিশোরের সতীর্থ প্রতাপ বর্মন জানিয়েছেন, খেলা চলাকালীন কালমাটি দলের এক খেলোয়াড় দম দেওয়ার জন্য তাঁদের কোর্টে ঢুকে পড়েন। সেই সময় ওই খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করছিল সঞ্জীব। আচমকাই মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।ঘটনার পর খেলা বন্ধ করে সঞ্জীবকে দ্রুত সেখান থেকে উদ্ধার করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই সঞ্জীবের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
তবে এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কাবাডির মতো জনপ্রিয় খেলায় অংশ নেওয়ার সময় কীভাবে আচমকা মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের? খেলার সময় কোনও শারীরিক সমস্যা তৈরি হয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণে মৃত্যু—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে পরিবার ও এলাকাবাসী।
খেলার মাঠ থেকে মাত্র ১৬ বছরের এক কিশোরের এভাবে চলে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের পাশাপাশি শোকস্তব্ধ সঞ্জীবের সতীর্থ ও পরিচিতরাও।
















