হকিতে এশিয়া সেরা হওয়ার পর এবার ক্রিকেটে এশিয়া কাপ জেতার সুযোগ ভারতের। মহিলাদের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও শ্রীলংকা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। গতবারের চ্যাম্পিয়ন লঙ্কান বাহিনীর সামনে উইমেন ইন ব্লু-দের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে  টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। পরিসংখ্যানের নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে এই আলোচনার মাঝেই হঠাৎ করে শিরোনামে চলে এসেছে ট্রফি চর্চা। বছরখানেক আগে ভারতের এশিয়া কাপ জিতলেও ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? জোর জল্পনা সর্বত্র। 

ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার পরিকল্পনা রয়েছে শেফালি-স্মৃতিদের। পাশাপাশি মিডল অর্ডারি জমির অভাব যাতে বোধ না হয় সেই দিকটাও নজর রাখার পরামর্শ কোচ অমল মজুমদারের। তবে অধিনায়ক মনে করছেন শেফালি যদি শুরুতে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে পারেন তাহলে হয়তো পরের দিকে চাপ পড়ার সম্ভাবনা কমবে। সেক্ষেত্রে বড় ইনিংসের দিকে লক্ষ্য রাখতে হবে ওপেনিং ব্যাটার তথা ভারতীয় দলের সহ অধিনায়ককে। ফিল্ডিংয়ের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। 

অন্যদিকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার ভরসা নিজের দলের স্পিনাররা। অধিনায়ক চামারি আথাপাথুর অভিজ্ঞতা গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের অন্যতম বড় ভরসা। স্পিন সহায়ক পিচ হবে বলেই মনে করা হচ্ছে। তবে এই সবকিছু বিশ্লেষণের মাঝে চর্চায় এসেছে নকভির সিদ্ধান্ত। শোনা যাচ্ছে সম্ভবত তিনি এশিয়া কাপের ফাইনালে থাকবেন না। তাই সেক্ষেত্রে তাঁর ট্রফি দেওয়ার সুযোগ হয়তো থাকছে না। কেন মহসিন অনুপস্থিত থাকবেন তা এখনও স্পষ্ট নয়।