কথায় আছে বাপ কা বেটা। ভারতীয় দলে রাহুল দ্রাবিড়-বীরেন্দ্র সেহওয়াগের উত্তরসূরি। টিম ইন্ডিয়ার জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলেছেন দ্রাবিড়-সেহবাগ। এবার মেন ইন ব্লুর জার্সিতে খেলতে দেখা যাবে তাদের পুত্রদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার ভারতের জুনিয়র নির্বাচকেরা অস্ট্রেলিয়া সিরিজের জন্য দুটি দল বেছে নেন। সেই সিরিজে তিনটি ওয়ান ডে ও দুটি মাল্টি ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।   ১৫ সদস্যের একদিনের দলে জায়গা পেয়েছেন  সেহওয়াগের ছেলে আর্যবীর এবং  রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়।  আর্যবীর দলে আছেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে, অন্বয় উইকেটরক্ষক। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি-ডে সিরিজের দলে জায়গা পাননি তাঁরা। দিল্লি প্রিমিয়ার লিগ বা রঞ্জি ট্রফির ম্যাচে নজর কেড়েছেন সেহওয়াগ পুত্র। অন্যদিকে কর্ণাটকে বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ অন্বয়। আর্যবীরের খেলায় সেহওয়াগের ছায়া। বড় বড় শট খেলতে পারেন।  রোহন গাভাসকর বা অর্জুন তেন্ডুলকররা পিতার খেলার উত্তরাধিকার সেভাবে বহন করতে পারেননি। আর্যবীর  এবং  অন্বয়ের উপর থাকবে বিরাট প্রত্যাশা।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং দু'টি মাল্টি-ডে ম্যাচ খেলবে ভারত। একদিনের সিরিজের দলটিকে নেতৃত্ব দেবেন উত্তরাখণ্ডের ব্যাটার লক্ষ্য রাইচন্দানি। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন মধ্যপ্রদেশের ব্যাটার যশবর্ধন চৌহান।  দু'টি মাল্টি-ডে যশবর্ধন চৌহান দলকে নেতৃত্ব দেবেন এবং লক্ষ্য রাইচন্দানি থাকবেন সহ-অধিনায়কের দায়িত্বে।

অনূর্ধ্ব-১৯ দলে রয়েছেন বাংলার ২ ক্রিকেটার। একদিনের ও মাল্টি ডে - দুই সিরিজের দলেই রয়েছেন রোহিত যাদব। আর মাল্টি ডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন বাংলার উইকেটকিপার অভিপ্রায় বিশ্বাস।