NEET-UG'র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল রাজধানী দিল্লি৷ সোনম ওয়াংচুং'য়ের ধর্না পরবর্তী ককরোচ জনতা পার্টি'র নেতৃত্বে ছাত্র-যুবদের আন্দোলনে তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় সরব হতে শুরু করেছেন ক্রীড়াবিদরা। ক্রীড়ামহলের প্রতিনিধিরাও স্বচ্ছ শিক্ষাব্য়বস্থার দাবি করে সোশাল মিডিয়ায় মতামত স্পষ্ট করছেন। বৃহস্পতিবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা(Abhinav Bindra ) ৷
অভিনব বিন্দ্রা নিজের দীর্ঘ বিবৃতিতে লিখেছে, 'আমি নিজেকে কখনওই রাজনীতির মানুষ হিসাবে বিবেচনা করিনা। । কিন্তু বিশ্বাস করি, কিছু সমস্যা আমাদের সবার। আমরা কে কোন রাজনৈতিক দলের পক্ষে সেটা বিবেচনাধীন নয়। শিক্ষা ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি দেশের আসল পরিমাপ কেবল তার অর্থনীতি বা আন্তর্জাতিক সাফল্যে দিয়ে নির্ধারণ করা যায় না। তরুণ প্রজন্মের জন্য তারা কী ধরনের সুযোগ তৈরি করছে, সেটাই আসল মাপকাঠি।'
এখানেই শেষ না করে সোনাজয়ী ক্রীড়াবিদ আরও লেখেন , 'আশা করি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকে ক্রমাগত শক্তিশালী করার কাজ করব। যাতে এটি আগামী প্রজন্মের কাছে নিরন্তর সুযোগ, উদ্ভাবন এবং আশার মূল উৎস হয়ে ওঠে।'
প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, যুব আন্দোলন 'ককরোচ জনতা পার্টি' (CJP)-এর নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী যন্তর মন্তরে অবস্থান করছে। ২০ জুলাই সংসদ ভবনের দিকে পদযাত্রার সময় পুলিশের সহিংস দমন-পীড়নের পর, শিক্ষার্থীরা তাদের এই অবস্থান কর্মসূচি নতুন করে শুরু করেছে, যা বিরোধী দলের নেতাদের সমর্থন ও সংহতি লাভ করেছে। এবার এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মোহনবাগান ফুটবলার সাহাল আব্দুল সামাদ।
















