ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কয়েকদিন আগে। কিন্তু ক্রিকেটকে ফিরে দেখতে অসুবিধা কোথায়! অজিঙ্ক রাহানে ঠিক সেটাই করছেন। মাইকেল ভন, ডেভিড লয়েডদের স্টিক টু ক্রিকেট পডকাস্ট-এ আগেই অনেক কথা বলেছিলেন। যা ইতিমধ্যেই প্রকাশিত। এবার সামনে এল মুম্বই ব্যাটারের চোখে গ্রেটেস্ট ভারতীয় ক্রিকেটারের নাম।

না, সমসাময়িক কাউকে বাছেননি রাহানে। এমএস ধোনি নন, বিরাট কোহলিও নয়। তাহলে কে? রাহানে বেছে নিয়েছেন শচীন তেণ্ডুলকরকে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার চোখে সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটার কে? তিনি উত্তরে বলেন, খুব কঠিন। সহজে বেছে নেওয়া কঠিন। তবে সেটা শচীন তেণ্ডুলকর। রাহানের কথায়, আমার মনে হয় একজনের নাম বেছে নেওয়া খুব কঠিন। কিন্তু মনে হয় সেটা শচীন তেণ্ডুলকর। সব যুগের কথা ধরলেও তাঁর নামই মাথায় আসছে।

২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শচীন ২০০টি টেস্ট, ৪৬৩টি একদিনের ম্যাচ ও একটি টি ২০ ম্যাচ খেলেছেন। টেস্টে রান করেছেন ১৫,৯২১, একদিনের ক্রিকেটে ১৮,৪২৬ ও টি ২০-তে ১০ রান। সবমিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ১০০। ২৫ টি টেস্টে শচীন ভারতের নেতৃত্ব দিয়েছেন। রাহানে ক্রিকেট জীবনের প্রথমদিকে তাঁর সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন।