বিশ্বকাপের পরও বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনাকে। রেফারির সাহায্য পাওয়া নিয়ে বার বার কটাক্ষ ও সমালোচনার মুখে পরতে হয়েছে মেসিদের। এবার উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। আর্থিক অসংগতি কাণ্ডে এফবিআইয়ের জেরার মুখে পরলেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।
বিশ্বকাপ ফাইনাল শেষে বুয়েনস আইরেসের বিমান ধরার জন্য দলের অন্যান্য সদস্যদের সঙ্গে বিমানবন্দরে পৌঁছে যান ক্লদিও তাপিয়াও। বিমান ওড়ার কয়েক মিনিট আগে তাঁকে আটক করে এফবিআই। বিমানবন্দরেই শুরু হয় ম্যারাথন জেরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দলের বাসের মধ্যেই প্রায় ৩০ মিনিট ধরে জেরা করা হয় কর্তাদের।
তাপিয়ার পাশাপাশি এই জিজ্ঞাসাবাদের মুখে পড়েন আর্জেন্তিনা ফুটবল সংস্থার কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোআর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিপুল ব্যয় সংক্রান্ত বিষয়েই তাঁকে জেরা করে এফবিআই। যেহেতু মার্কিন ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হয়েছে, সেকারণেই ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নেমেছে এফবিআই।
জেরার পর পরই খবর রটে যায়, সভাপতি তাপিয়াকে নাকি হেফাজতে নিয়েছে মার্কিন পুলিশ। তবে এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, 'মার্কিন আদালত আমাদের সভাপতি ক্লদিও তাপিয়া বা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে কোনও প্রমাণ দেওয়ার নির্দেশ দেয়নি।' অর্থাৎ, তাঁদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।
















