কয়েকদিন পরই শুরু কলকাতা ফুটবল লিগ (CFL)। প্রিমিয়ার লিগের সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আসন্ন কলকাতা লিগের(CFL)  জন্য দলের নতুন জার্সি উন্মোচন করল ঐতিহ্যশালী এরিয়ান ক্লাব। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জার্সি প্রকাশের পাশাপাশি  ক্লাব কর্তৃপক্ষ নতুন মরসুমের প্রস্তুতি, দলের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

 

জার্সি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব সমর পালসহ ক্লাবের অন্য কর্তা থেকে রঘু নন্দী, দেবজিত ঘোষ। দলের প্রধান স্পনসর কাজল গ্রুপের কর্ণধার সিদ্ধার্থ ভৌমিক, JIS গ্রুপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

নতুন মরসুমের জন্য দলের অধিনায়কের নামও ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে দলের সমস্ত খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেওয়া হয়। দলের কোচ 

দেবজিত ঘোষ বলেন, দলে অভিজ্ঞ এবং তরুণ ফুটবলারদের সঠিক সমন্বয় রয়েছে। তাঁর বিশ্বাস, চলতি CFL-এ আরিয়ান ক্লাব শক্তিশালী পারফরম্যান্স দেখাতে সম্পূর্ণ প্রস্তুত।

 

অন্যদিকে, কাজল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ ভৌমিক বলেন, এরিয়ান ক্লাব একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ক্লাব এবং এর সমর্থক সংখ্যাও বিপুল। অতীতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মতো বড় ক্লাবকে যেভাবে আরিয়ান কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, তাতে তাঁর পূর্ণ বিশ্বাস যে ভবিষ্যতে এরিয়ান ক্লাবও ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মতোই একটি শক্তিশালী ফুটবল ক্লাবে পরিণত হবে।