বিগত কয়েক মরশুম ধরেই সবুজ মেরুন জার্সিতে দাপট দেখিয়েছেন জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রিরা। এবার ইস্টবেঙ্গলও সই করালো অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফুটবলার ক্রিস ইকোনোমিডিসকে(Chris Ikonomidis)। চুক্তি বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিচ্ছেন অজি ফুটবলার। আক্রমণাত্মক মিডফিল্ডার হলেও উইঙ্গার হিসেবেও খেলতে পারেন ৩১ বছর বয়সি ক্রিস।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পান। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ পর্যন্ত ১৪ ম্যাচে ২ গোল করেছেন। অজি দলে তাঁর সতীর্থ ছিলেন মোহনবাগানের গোলমেশিন জেমি ম্যাকলারেন। একদা ২ সতীর্থই এবার পরস্পরের বিরুদ্ধে খেলবে।
ফিফা ব্যান থেকে মুক্তি পাচ্ছে মহমেডান ক্লাব। ঘানাইয়ান ডিফেন্ডার মহম্মদ আব্দুল কাদিরির বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর পক্ষ থেকে প্রাপ্তিস্বীকারও করা হয়েছে বলে জানিয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ওয়াসিম আক্রম। এর ফলে এই ট্রান্সফার উইন্ডোর শেষেই মহামেডানের উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বলে ক্লাব সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে।
১ লা সেপ্টেম্বর থেকে নতুন ফুটবলার সই করাতে পারবে মহামেডান। আপাতাত প্রি কন্ট্র্যাক্ট সাইন করিয়ে ফুটবলারদের অনুশীলনে ডাকতে পারবে সাদা-কালো শিবির,তবে ১ লা সেপ্টেম্বর থেকেই খেলতে পারবে তারা।
ডার্বির পরই ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে চিঠি লিখে ধন্যবাদ জানাল মোহনবাগান ক্লাব। সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই পেপারলেস টিকিট ও স্টেডিয়ামে পানীয় জলের বন্দোবস্তের জন্য দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই পদক্ষেপ নিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ডার্বিজয়ের পর সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর দূরদর্শী উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
















