ফিটনেস ইস্যুতে আরও কঠোর হচ্ছে বিসিসিআই। বিগত কয়েক মাস ধরে ফিটনেস ইস্যুতে বার বার বিতর্ক দেখা দিয়েছে। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দলেও একাধিক ক্রিকেটার আছেন যাদের ফিটনেস নিয়ে সংশয় আছে।
আগামী ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দল ঘোষিত হল। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। কিন্তু দলে চার জন ক্রিকেটার আছেন যাদের ফিটনেস নিয়ে সংশয় আছে। বুমরাহ ছাড়াও নীতীশ কুমার রেড্ডি , ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।
গত কয়েক মাসে একাধিক ঘটনায় সমালোচনার মুখে পড়েছে বোর্ডের সেন্টাল অফ এক্সিলেন্স। হর্ষিত রানা, জশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডিও ভারতীয় স্কোয়াডে ছিলেন। চোটের জন্য তারা ভারতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। তাই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আরও কড়া অবস্থান নিয়েছে বোর্ড। এ বার থেকে কোনও ক্রিকেটারকে ফিট ঘোষণা করার একবার নয় একাধিকবার পরীক্ষা হবে। সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হবে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “শুধু ১০০ শতাংশ নয়, ফিট ঘোষণা করার আগে ২০০ শতাংশ নিশ্চিত হতে হবে।”
ক্রিকেটারদের চোট সমস্যা নিয়ে সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে ছিলেন জসপ্রীত বুমরাহ। ফিট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যান তারকা পেসার। কেবল বুমরাহ নন, ফিট ঘোষণার পর মাঠে নেমেই ফের চোট পান হর্ষিত রানা। শোনা যায়, ইংল্যান্ড সফরের আগে হর্ষিতের ওজন ছিল ৯৭ কেজি। কিন্তু বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী তাঁর ওজন ৯৬ কেজির বেশি হওয়ার কথা নয়। ফলে কীভাবে তাঁকে ফিট সার্টিফিকেট দিয়ে দলে সুযোগ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন থাকছে। গম্ভীরের প্রিয় পাত্র বলেই তাঁকে সুযোগ দেওয়া হল?
আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলেও সুযোগ হয়নি পাণ্ডিয়ার। পুরো ফিট হতে পারেননি তারকা অল রাউন্ডার। আইপিএল শেষ হওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ার পর থেকেই তাঁকে মাঠে দেখা যায়নি।
















