গত দুদিন ধরে প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তির সময়কাল ঘিরে একাধিক জল্পনা ঘোরাফেরা করছে। কখনও শোনা যাচ্ছে লর্ডসেই নাকি শেষ ম্যাচ খেলবেন হিটম্যান, আবার কখনও শোনা যাচ্ছে এই জল্পনা পুরোটাই ভুয়ো - ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালীন বারবার এই ধরনের বিতর্ক হওয়ায় বিরক্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। সূত্রের খবর রোহিতের অবসর পর্ব নিয়ে নাকি নির্বাচকদের কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে।
একজন ক্রিকেটার আর তাঁকে ঘিরে অনেকগুলো প্রশ্ন। রোহিত কি সত্যি অবসর নিচ্ছেন? তাঁকে কি এর জন্য চাপ দেওয়া হচ্ছে? রবিবারের পর আর কি ভারতের জার্সি গায়ে খেলবেন না রোহিত? সংবাদমাধ্যমের কাছে এই খবর পৌঁছে গেল কীকরে? একসঙ্গে এত প্রশ্নের রীতিমতো বিরক্ত বিসিসিআই। যেভাবে প্রাক্তন অধিনায়ককে ঘিরে ভারতীয় ক্রিকেটে বিতর্ক তৈরি হয়েছে সেটা মোটেই কাম্য নয় মনে করছেন বোর্ড কর্তারা। সেই কারণে নির্বাচকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কোনভাবেই সংবাদমাধ্যমে এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা যাবে না। নিজেদের আলোচনার খবরও যাতে বাইরে না যায় সে ব্যাপারেও নিশ্চিত করতে হবে নির্বাচকদের। জল্পনার জল এতদূর গড়িয়ে গেছিল যে বাধ্য হয়ে বোর্ড সচিব দেবজিত সাইকিয়া জানান “রোহিতের ভবিষ্যৎ নিয়ে সোশাল মিডিয়ায় প্রচুর জলঘোলা চলছে। আমি নিশ্চিত করে জানাতে চাই, রোহিত রবিবার লর্ডসে শেষ ম্যাচ খেলবে, এরকম কোনও আলোচনা বোর্ডের অন্দরে হয়নি।”
















