লর্ডসের মাটিতে ১৩৮ রানের ইতিবাচক ও আগ্রাসী ইনিংস খেলে ভারতীয় ক্রিকেটের 'হিটম্যান' বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। বয়স আসলে একটা সংখ্যা মাত্র। আর অনায়াসেই সেই সংখ্যাকে তোয়াক্কা না করে নিজের ব্যাটিং কেরামতিতে রান সংগ্রহের সংখ্যাকে পাহাড় সম উচ্চতায় নিয়ে যেতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাই তাঁকে বাদ দিয়ে দলের ওয়ানডে টিম সাজানো মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক সেই কারণেই এবার মেয়াদ শেষের মুখে থাকা অজিত আগরকরকে স্পষ্ট বার্তা দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) তরফে জানানো হয়েছে আগামী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে রাখতে হবে রোহিতকে।
সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটের সবথেকে আলোচ্য বিষয় হল রোহিত শর্মার অবসর জল্পনা। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলতে চান হিটম্যান। কিন্তু অজিত আগরকর (Ajit Agarkar), গৌতম গম্ভীররা (Gautam Gambhir) তাঁকে মাথায় রেখে বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চাইছেন না। ইংল্যান্ড সিরিজ চলাকালীন রোহিতকে এই সম্পর্কিত আভাস দেওয়া হলে ক্ষুব্ধ ব্যাটার সরাসরি বোর্ডের শীর্ষকর্তাদের অভিযোগ করেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন স্বয়ং বিসিসিআই সচিব। এরপর লর্ডসের মাটিতে যেভাবে সেঞ্চুরি করে নিজের দক্ষতাকে পুনরায় প্রমাণ করেছেন রোহিত তাতে নির্বাচকরাও আসন্ন সিরিজের জন্য টিম বাছাই করার আগে বেশ কিছুটা চাপে রয়েছেন। এই আবহে বিসিসিআই কর্তাদের নির্দেশ বুঝিয়ে দিল যে রোহিতের পারফরমেন্সের মূল্যায়ন করেই তাঁকে দলে রাখার বার্তা দেওয়া হয়েছে।।
















