ভারতীয় ক্রিকেটারদের জন্য কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে বদল আনতে চলেছে বিসিসিআই। এতদিন মূলত তিন ফর্ম্যাটে খেলা ক্রিকেটাররাই এই চুক্তির ক্ষেত্রে সব থেকে বেশি প্রাধান্য পেতেন। তারা সর্বোচ্চ সারিতে থাকতেন। কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে নির্ভর করত ক্রিকেটারদের পারফরম্যান্স। কিন্তু এই নীতিতে বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
একটি সর্বভারতী ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী মরশুমে কোন ক্রিকেটার কতগুলি ম্যাচ খেলবেন? তার ওপর নির্ভর করবে কেন্দ্রীয় চুক্তিতে তার জায়গা কোথায় হবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা এবার বাধ্যতামূলক হচ্ছে ক্রিকেটারদের। সেই সংখ্যায় ম্যাচ খেলতে না পারলে কেন্দ্রীয় চুক্তিতে স্থান নাও পেতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার। সেই ক্ষেত্রে আগামী মরশুমে মোট ম্যাচের একটি নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হবে। তবে সেই সংখ্যা কত তা এখনও চূড়ান্ত হয়নি। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে আলোচনা চলছে।
কিন্তু ভাবনা বদলের কারণ কী? জানা যাচ্ছে সাম্প্রতিক সময় চোটের কারণে একাধিক ক্রিকেটার দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন। কিন্তু তারা কেন্দ্রীয় চুক্তিতে থেকে যাচ্ছেন। অন্যদিকে বেশ কয়েকজন ক্রিকেটার নিয়মিত খেলছেন তারা চুক্তির আওতায় আসতে পারছেন না। এই বিষয়টি ভাবাচ্ছে বোর্ড কর্তাদের। ফলে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে আগামী দিনে ক্রিকেটারদের ফিটনেসের দিকে আরও বাড়তি নজর দিতে হবে। শুধু পারফরম্যান্স নয়, একইসঙ্গে দল একজন ক্রিকেটারকে কতটা সময়ের জন্য পাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে পরেরবার কেন্দ্রীয় চুক্তি করার সময় ক্রিকেটারদের কতটা পাওয়া যাবে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবেয তারপরেই চুক্তিতে স্থান চূড়ান্ত করা হবে। এ প্লাস, এছাড়াও এ, বি ক্যাটাগরি আছে।
















