এশিয়ান গেমসে সেরা দল নাও পাঠাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরুষ এবং মহিলা উভয় বিভাগে দ্বিতীয় শ্রেণীর দল পাঠাতে পারে বিসিসিআই। এর নেপথ্যে রয়েছে জাপানে আন্তর্জাতিক মানের ক্রিকেট পরিকাঠামোর অভাব।

এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে জাপানের চতুর্থ বৃহত্তম শহর আইচি নাগোয়ায়।কিন্তু এই গেমসের জন্য ক্রিকেটের খুব বেশি পরিকাঠামো উন্নতি করতে রাজি নয় আয়োজকরা। এমনকি এশিয়ান গেমসের জন্য গেমস ভিলেজও  বানানো হয়নি।

 সব থেকে তাৎপর্যপূর্ণ হলো ক্রিকেটের ম্যাচের উপযুক্ত পরিকাঠামো নেই। যে মাঠগুলিতে খেলা হবে সেখানে সাজঘর নেই।  তাঁবু খাটিয়ে অস্থায়ীভাবে সাজঘর তৈরি করা হয়েছে। এমনকি মাঠ থেকে শৌচালায় ৫০০ মিটার দূরে। ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের শৌচালয়ের যাওয়ার প্রয়োজন হয়ে পড়লে তাতে অনেকটা সময় নষ্ট হবে।

 এই পরিস্থিতিতে শ্রেয়স আইয়ার , হরমনপ্রীত কৌরদের মতো সেরা ক্রিকেটারদের জাপানে পাঠাতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তে যুবদল পাঠানো হতে পারে অথবা দ্বিতীয় সারির দল পাঠানো হতে পারে। সেরা দল না গেলে সোনা ধরে রাখায় সবথেকে বড় চ্যালেঞ্জ ভারতের সামনে। চার বছর আগে এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জেতে ভারত।

 এশিয়ান গেমসের সূচি ঘোষণা করা হয়েছে, সব ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই ম্যাচগুলি হবে আইচি নাগোয়ায় অ্যাথলেটিকো পার্কে। মেয়েদের প্রতিযোগিতায হবে ১৭ থেকে ২২শে সেপ্টেম্বর। ছেলেদের ম্যাচগুলি হবে ২৪ শে সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর।

 ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের তারকা ক্রিকেটাররা ঈশান কিষাণ, বৈভব সূর্যবংশী, শ্রেয়স আইয়ার দলে রয়েছেন, তেমনই মেয়েদের দলে , হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা , রিচা ঘোষরা আছেন। কিন্তু আদৌ এই দল যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিসিসিআই এশিয়ান ক্রিকেট কাউন্সিলর সঙ্গে কথা বলছে। এমন পরিকাঠামোহীন মাঠে খেলোয়াড়দের খেলতে দিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক  কর্তা বলেছেন, ‘‘জাপানের আয়োজন নিয়ে বিসিসিআই এবং এসিসি অখুশি। ব্যবস্থা খতিয়ে দেখতে বিসিসিআই প্রতিনিধি পাঠাবে জাপানে। তিনি ফিরে এসে রিপোর্ট দেবেন। ব্যবস্থা সন্তোষজনক না হলে আমরা দ্বিতীয় সারির দল পাঠাব।’

 উল্লেখ্য এশিয়ান গেমস আয়োজনের জন্য খুব বেশি বাজেট বরাদ্দ করেনি জাপান সরকার। গেমস ভিলেজ বানানো হয়নি, তার পরিবর্তে একটি জাহাজে অ্যাথলিটদের রাখা হবে।