শুক্রবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সভার আলোচ্যসূচির বাইরে চর্চায় ছিল মুখ্য নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভবিষ্যত। ৪ অক্টোবর নির্বাচক প্রধান হিসেবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগরকরের। দিনভর নানা জল্পনার মাঝে রাতের দিকে বিষয়টি নিয়ে মুখ খুললেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া(BCCI secretary Devajit Saikia)।

মাঝে শোনা গিয়েছিল, আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা না-ও হতে পারে।  আগরকরকে আরও এক বছর রাখা হবে, নাকি তাঁর মেয়াদ শেষ হওয়ার পর নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি বোর্ড কর্তারা।

 

এজিএমের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘প্রধান নির্বাচকের মেয়াদ শেষ হতে এখনও ১৫ দিন বাকি। আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব।’  এই বিষয়ে বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন , আগরকরের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের শীর্ষ পদাধিকারীদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি২০ ও একদিনের সিরিজের জন্য ভারতীয় দল বেছে নিয়েছেন আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী। ভারত ‘এ’ দলের নির্বাচনেও তাঁর ভূমিকা ছিল।

খুব দ্রুত মুখ্য নির্বাচক পদে কাউকে আনা যাবে না। নিয়ম মতো আগে বিজ্ঞাপন দিতে হবে। এর পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নিতে হবে। গোটা প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। এরই মধ্যে প্রধান নির্বাচক পদের জন্য নাম ভাসছে প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল।

 মুম্বইয়ে নিরুত্তাপ এজিএম হল। আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বেতন বৃদ্ধি হল।  আইপিএলের গভর্নিং কাউন্সিলে আবার নির্বাচত হন অরুণ ধুমল এবং খইরুল জামাল মজুমদার। ২০২৮-এ আইপিএলের ২০ বছর পূর্তি। সেই উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান হতে পারে।  সিএবি থেকে এজিএমে প্রতিনিধিত্ব করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এর পাশাপাশি বিসিসিআই সচিব জানিয়েছেন, একদিন না একদিন এশিয়া কাপ ট্রফি ভারতে আসবে। কোনও সময়সীমা বলেননি তিনি।