বিতর্ক যেন কিছুতেই মিটছে না বঙ্গ ক্রিকেটে। এবার মেট্রো  রেলের মধ্যেই সহযাত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করে হাজতে গেলেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার (Jayanta Ghosh Dastidar)। ঘটনাটি রবিবার প্রকাশ্যে এলেও ঘটেছে কয়েকদিন আগে। 

গত বৃহস্পতিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রোয় যাত্রায় করছিলেন জয়ন্ত। মেট্রোর মধ্যেই মহিলা সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠে জয়ন্তের বিরুদ্ধে। এরপর মেট্রোর যাত্রীরা অভিযুক্তকে আটক করে জয়ন্তকে রেল পুলিশের হাতে তুলে দেন।  এই ঘটনায় বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জয়ন্ত ঘোষ দস্তিদারকে গ্রেফতার করে আদালতে পেশ করে। অভিযোগের ভিত্তিতে তাঁকে সেন্ট্রাল স্টেশন থেকে গ্রেফতার করে বৌবাজার থানার পুলিশ। ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আগামী ১৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

  বাংলা ক্রিকেটে জয়ন্ত পরিচিত  নাম। বাংলার হয় তিনটি রঞ্জি ম্যাচ খেলেছেন।  ভারতের অনূর্ধ্ব ১৯ দলেও প্রতিনিধিত্ব করেছেন। সেই দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু ক্রিকেটার হিসাবে খুব বেশি দূর এগোতে পারেননি জয়ন্ত। সেই আক্ষেপ মিটেছিল কোচ হিসাবে।বেশ কিছুদিন বাংলার মহিলা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন জয়ন্ত। একই বছরে সিনিয়র আর অনূর্ধ্ব ২৩-এ চ্যাম্পিয়ন বাংলার মহিলা দলের কোচ ছিলেন। অনূর্ধ্ব ১৫ মেয়েদের ওয়ান ডে ট্রফিও জিতেছেন কোচ হিসাবে। ত্রিমুকুটজয়ী কোচ একটা সময় পেসার হওয়ার স্বপ্ন দেখতেন। 

তবে অতীতেও তাঁর বিরুদ্ধে মহিলা ক্রিকেটের সঙ্গে যুক্ত এক ব্যক্তির শ্লীলতাহানির অভিযোগ ওঠার কথা সামনে এসেছিল। অভিযোগটি উঠেছিল তিনি অনূর্ধ্ব-১৫ মহিলা দলের কোচ থাকার সময়ে। এবার তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। এক মহিলা ফিজিয়োথেরাপিস্টের শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন বলে সূত্রের খবর। যদিও সেই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।