ব্রাজিল ম্যাচকে গুরুত্ব দিয়ে ফিফা আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য ফেডারেশনের সমালোচনায় সরব বাইচুং ভুটিয়া।তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকারকে ভুল বোঝাচ্ছেন কল্যাণ চৌবে ,ব্রাজিল ম্যাচ নিয়ে বিস্ফোরক প্রাক্তন ভারত অধিনায়ক।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে তোপ দেগে তিনি বলেন, ৬০-৭০ কোটি টাকা দিয়ে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি আয়োজন করে আমাদের ফুটবলের কোনও লাভ হচ্ছে না। যেখানে ভারতীয় ফুটবলে এখন আর্থিক সংকট চলছে। ইস্টবেঙ্গল ভাল দল  গড়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। তাহলে কেন ফেডারেশন ইস্টবেঙ্গলকে ১০-১৫ কোটি দেবে না? ব্রাজিল আসলে আমিও খুশি হব। কিন্তু এটা কি সঠিক সময়? কল্যাণ চৌবে সরকারকে ভুল বোঝাচ্ছে। এখন শুনছি কেপ ভার্দেও খেলতে আসবে।

 

 বাইচুং আরও বলেন, ফিফা অনুমোদিত টুর্নামেন্ট আশিয়ান কাপ। সাফ কাপের থেকেও বড়। এই প্রতিযোগিতায় খেললে পুরস্কারমূল্য পাওয়া যাবে। ভারতের ক্রম তালিকায় উন্নতি হবে। আসলে এখানে ভুল লোক ভুল সিদ্ধান্ত নিচ্ছে।

পাহাড়ি বিছে নিজে লাল-হলুদ জার্সি গায়ে আশিয়ান কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছেন।  বৃহস্পতিবার ক্লাবের স্পোর্টস ডে-র অনুষ্ঠানে এসে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, ইস্টবেঙ্গলের জন্য অনেক বড় রেজাল্ট। কুয়েতের ক্লাবকে হারানোয় ভারতের ক্রম তালিকায় অনেক ভাল হতে পারে। ভারতীয় ক্লাবগুলি যদি নিয়মিত এএফসি প্রতিযোগিতায় খেলে, তাহলে দেশের ফুটবল এগোবে। রশিদ বা জয় গুপ্তার গোল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ইস্টবেঙ্গল টিম গেম খেলেই পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছে। এই জয়ে সম্পূর্ণ কৃতিত্ব গোটা দলের।