কমনওয়েলথ গেমসে শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সুখবর ভারতের জন্য। গেমসে একটি ম্যাচ খেলার আগেই একটি পদক ভারতের ঝুলিতে। দেশের হয়ে প্রথম পদক জিতে নিলেন মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই(Lovlina Borgohain)। মহিলাদের ৭৫ কেজি বিভাগে সরাসরি সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন লভলিনা।
ড্রয়ে ‘বাই’ পাওয়ায় কোয়ার্টার ফাইনাল খেলতে হবে না লভলিনাকে। ফলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন লভলিনা। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দুই সেমিফাইনালে পরাজিত বক্সারও ব্রোঞ্জ পদক পান। ফলে রিংয়ে নামার আগেই লভলিনার পদক নিশ্চিত হয়ে গিয়েছে। ৩১ জুলাই সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ টিকেবিপি তাফাকি। সেই ম্যাচে জিতলে ফাইনাল খেলবেন অসমীয়া বক্সার।
আসলে লভলিনার ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীর সংখ্যা মাত্র পাঁচ ৷ তাই ব়্যাংকিংয়ের নিরিখে কেবল লভলিনা নন, আরও দুই বক্সার বিনা লড়াইয়েই পরের পর্বের ছাড়পত্র পেয়েছেন ৷ অর্থাৎ, সংশ্লিষ্ট ইভেন্টে কোয়ার্টার ফাইনালে অনুষ্ঠিত হবে মাত্র একটি ৷ ২০২১ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ পান লভলিনা৷
এ বার গ্লাসগো গেমসে ইভেন্টের সংখ্যা কমে হয়েছে মাত্র ১০টি। প্রথম দিনেই পদক নিশ্চিত হওয়ায় গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের ৩০টির বেশি পদক জয়ের আশা আরও জোরালো হল। গতবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত মোট ৬১টি পদক জিতেছিল।
















