পুজোর আগেই কলকাতা সাম্বা ম্যাজিক। শারদীয়ার মরশুমে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল। জল্পনা চলছিল ভিনিসিয়াস জুনিয়ররা কাদের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলবেন, বৃহস্পতিবার এই বিষয়ে পাওয়া গেল বড় আপডেট। 

একাধিক ব্রাজিলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে  প্রীতি ম্যাচ খেলতে পারে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ কে হবে তা নিয়ে আলোচনা চলছে। প্রতিপক্ষ হিসাবে ভারতের নাম উঠে এলেও তা হচ্ছে না। বিএফএ প্রাথমিকভাবে মিশরকে চাইছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। 

ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে আগেই উল্লেখ করা হয়েছে বিশ্বকাপের পরে প্রথম আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করেছে ব্রাজ়িলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)। জানা গিয়েছে, সেই সূচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবেন ভিনিসিয়াসরা।  পাশাপাশি ভারতে আরও একটি ম্যাচ হবে। কলকাতাতেই হতে পারে সেই ম্যাচ। প্রতিবেদন অনুসারে,  মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত বিশ্বকাপ চলাকালীন সিবিএফ এবং আয়োজকদের মধ্যে এই ম্যাচ নিয়ে আলোচনা হয়েছিল। ভারতের মতো দেশে ব্রাজিলের সমর্থক সংখ্যা চোখে পড়ার মতো।

ম্যাচটি চূড়ান্ত হলে কলকাতা আবারও আন্তর্জাতিক ফুটবলের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবে। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার জার্সিতে অধিনায়ক লিয়োনেল মেসির অভিষেক হয়েছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

পাশাপাশি অক্টোবর মাসে ফিফা স্বীকৃত টুর্নামেন্ট খেলবে ভারত। ফিফা আশিয়ান টুর্নামেন্টে আমন্ত্রণ পেল ভারত।  এশিয়ান কাপে যোগ্যতা অর্জন না করতে পারায়, সামনে কোনও বড় টুর্নামেন্ট নেই। যেখানে চ্যাম্পিয়ন হলে ‘ব্লু টাইগার্স’রা পেতে পারে ১০ কোটি টাকা।