রথযাত্রা শেষ হতেই শারদীয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আসন্ন উতসবের মরশুম বাংলার ফুটবলপ্রেমীদের জন্য খুশির ডাবল ধামাকা হতে পারে। অক্টোবর মাসে কলকাতায় খেলতে পারে ব্রাজিল দল।
ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্বকাপের পরে প্রথম আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করেছে ব্রাজ়িলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)। জানা গিয়েছে, সেই সূচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবেন ভিনিসিয়াসরা। পাশাপাশি ভারতে আরও একটি ম্যাচ হবে। কলকাতাতেই হতে পারে সেই ম্যাচ।
এর মধ্যে দুটি ম্যাচের সূচি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।তৃতীয় ম্যাচটি কলকাতায় হওয়ার সম্ভাবনা জোরালো হলেও ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।
সূত্রের খবর, এই সফরের পরিকল্পনা ফিফার নতুন ‘সুপার ইন্টারন্যাশনাল উইন্ডো’র অংশ। এই নিয়মে জাতীয় দলগুলো ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। যার মধ্যে প্রীতি ম্যাচ ও প্রতিযোগিতামূলক ম্যাচ, উভয়ই থাকবে। নতুন আন্তর্জাতিক ক্যালেন্ডারে মার্চ, জুন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে এই ম্যাচ গুলির জন্য সময় বরাদ্দ করা হয়েছে।
২০১১ সালে যুবভারতী স্টেডিয়ামেই আর্জেন্তিনা ও ভেনেজুয়েলার মধ্যে প্রীতি ম্যাচ খেলা হয়েছিল। ম্যাচে অংশ নিয়েছিলেন লিওনেল মেসিও। সেই যুবভারতীতেই ভিনিসিয়াসরা সাম্বা ম্যাজিক দেখা যেতে পারে
ব্রাজিল ফুটবল ফেডারেশন ২০২৭ সাল থেকে দেশের মধ্যেই আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয়, সেসব অঞ্চলেও ব্রাজিলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকেরাও কাছ থেকে জাতীয় দলকে দেখার সুযোগ পান।
















