শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ১০০ শতাংশ ফিট না হলেও সেই দলে নাম রাখা হয়েছিল তারকা পেসার জসপ্রীত বুমরাহর। ফলে তিনি প্রথম টেস্টের আগে আদৌ ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে একটা সংশয় ছিল।অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটল।

দলে থাকলেও বুমরাহকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। শ্রীলঙ্কা যাওয়ার আগে বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) গিয়ে ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। ছাড়পত্র পেলে তবেই খেলতে পারবেন বুমরাহ।দল ঘোষণার সময় এমনই জানিয়েছিল বিসিসিআই।

 

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবর দিয়েছে বিসিসিআই,  সম্পূর্ণ সুস্থ বুমরাহ। বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে ফিটনেস টেস্টে পাস করেছেন। শ্রীলঙ্কায় দুই টেস্টে ৩২ বছরের পেসারের দলে থাকাটা অত্যন্ত জরুরি ছিল। কারণ বুমরাহ দলের পরিকল্পনার অঙ্গ। আসন্ন দু’টি টেস্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ হাতছাড়া হলেই সিরিজে চাপ বেড়ে যেতে পারে। 

১৫ অগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। গলে হবে প্রথম টেস্ট। ২৩ অগস্ট থেকে কলম্বোয়দ্বিতীয় টেস্ট খেলবে শুভমানরা। সিরিজ শুরুর আগে ৭ অগস্ট থেকে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে শুভমান গিলের ঘাড়ের সমস্যা ভোগাতে পারে ভারতকে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পান গিল।বোর্ড সূত্রের খবর, এখনও দীর্ঘ সময় ব্যাট করলে ঘাড়ে ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক।