১৫ বছরের অপেক্ষার শেষ, ব্যাডমিন্টনের ওয়ার্লড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ত্রিসা জলি ও গায়ত্রী গোপিচাঁদ। ৬৯ মিনিটের লড়াইয়ে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে আনল ভারতীয় জুটি। খেলার ফল ১৬-২১, ২১-১৫ ও ২১-১৩। 

শুক্রবার মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জিয়া ই ফান ও ঝাং শু ঝিয়ানকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ভারতের দুই শাটলার। শেষ চারে ওঠায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তাঁরা।এই ভারতীয় জুটি ২০২২ ও ২০২৩ সালে পরপর দুবার অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছিলেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ।

চিনা জুটির বিরুদ্ধে লড়াইয়ের সমীকরণ মোটেও সহজ ছিল না। এর আগে এই জুটির বিরুদ্ধে তিনবার হারতে হয়েছে। শুক্রবারও শুরুটা ভালো হয়নি। প্রথম গেমে পরপর পয়েন্ট খুইয়ে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। একটি ৫৭ শটের দীর্ঘ র‍্যালিতেও স্নায়ুর চাপ ধরে রেখে পয়েন্ট জেতে চিন।

গ্যালারিতে 'ইন্ডিয়া জিতেগা' স্লোগান ওঠার পর ধীরে ধীরে ছন্দে ফেরে ভারতীয় জুটি । এরপরের দুটি গেমে জিতে পদক নিশ্চিত করে ভারতীয় শাটলার জুটি।

দীর্ঘ ১৫ বছর পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত হলো ভারতের। এর আগে ২০১১ সালে অশ্বিনী পুনাপ্পা ও জ্বালা গুট্টা ব্রোঞ্জ জিতেছিলেন। তার পর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে মহিলাদের ডাবলসে আর কোনও ভারতীয় জুটি পদক জিততে পারেনি। এবার পদক নিশ্চিত হল। তবে সোনা রুপোর লড়াইয়ে থাকাই লক্ষ্য ভারতের।