কলকাতা লিগের গ্রুপ পর্ব সমাপ্ত হয়েছে সোমবার। মঙ্গলবারই সুপার সিক্সের সূচি ঘোষণা করে আইএফএ। কিন্ত ২৪ ঘণ্টার মধ্যেই সূচি বদল হল। প্রথম সূচি অনুসারে, সুপার সিক্সের প্রথম ম্যাচ হবে আগামী ১০ সেপ্টেম্বর। ঘরের মাঠে মোহনবাগান খেলবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। একইদিনে একই সময়ে ইস্টবেঙ্গলও খেলার কথা ছিল ইউনাইটেড এসসির বিরুদ্ধে। ১১ তারিখ মহমেডান খেলবে ভবানীপুরের বিরুদ্ধে। ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে। ১৩ তারিখ ইউনাইটেড এসসির বিরুদ্ধে মোহনবাগান। প্রথম মিনি ডার্বি ১৪ সেপ্টেম্বর। বারাসতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মহমেডান। মোহনবাগান মহমেডানও হবে বারাসতে ১৭ সেপ্টেম্বর। দুটি মিনি ডার্বি শুরু হবে ৩টের সময়।  ১৯ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল খেলবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। 

 

 এক দিন করে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গে ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ। মাঠ ও সময় একই থাকছে। ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড ম্যাচটি হবে ইস্টবেঙ্গল মাঠে, মোহনবাগান বনাম ইউনাইটেড ম্যাচটি হবে মোহনবাগান মাঠে।ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আইএফএকে আবেদন করে জানানো হয়, টানা ম্যাচ খেলায় ফুটবলাররা ক্লান্ত।  গ্রুপ পর্বে কম সময়ের মধ্যে অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে তাদের। তাই ম্যাচের দিন পিছনোর আবেদন করা হয়। একই দাবি ছিল ইউনাইটেড স্পোর্টসেরও।

 দুপক্ষের দাবি মেনে ১০ তারিখ ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচটা করা হয়েছে ১১ তারিখে। আইএফএ-র তরফে বুধবার জানানো হয়েছে, ১০ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল মাঠে ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচটি হবে ১১ সেপ্টেম্বর। অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের বদলে ১৪ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। তবে সুপার সিক্সে মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার।  কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। দিন বদল হলেও ভেন্যু ও  সময়ে বদল করা হয়নি। 

 সুপার সিক্সের সূচি ঘোষণা হওয়ার পর দেখা যায় মোহনবাগান ও মহামেডানের শেষ ম্যাচ ১৭ তারিখ থাকলেও ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ১৯ তারিখ দেওয়া হয়েছে।এই নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন লীগের শেষ ম্যাচ কেন একই দিনে একই সময়ে দেওয়া হবে না।যদিও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন সাধারণ নিয়ম মেনেই লিগের শেষ রাউন্ডের আগে যে দল গুলির পয়েন্ট সমান হবে তাদের একই দিনে একই সময়ে খেলা দেওয়া হবে.

একইগ্রুপ থেকে সুপার সিক্সে উঠায় চলতি কলকাতা লিগে ডার্বি ম্যাচ আর হবে না। কিন্ত হবে দুটো মিনি ডার্বি।  কলকাতা লিগের সুপার সিক্সে সম্ভবত চাকু মান্ডিকে পাবে না ইস্টবেঙ্গল। ইন্টার রেল টুর্নামেন্টের জন্য অফিস টিমে খেলতে হতে পারে চাকুকে। এদিকে প্রথম ম্যাচের পর অফিস ম্যাচের জন্য হয়ত পাওয়া যাবে না অঙ্কন ভট্টাচার্যকেও।ইস্টবেঙ্গল আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে রিজার্ভ দলে নেওয়া হলো অর্ঘ্য সরকারকে.

অনূর্ধ্ব ষোলো জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড . বি সি রায় ট্রফিতে রানার্স আপ হল বাংলার ছেলেরা। আজ সকালে  বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ফাইনালে মণিপুরের কাছে ১-৩ গোলে পরাজিত হয় বাংলা। প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় মণিপুর। ৩৯ মিনিটে আবার ব্যবধান বাড়ায় তারা। ০-২ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে বাংলা। ৫২ মিনিটে অধিনায়ক দেবরাজ দাস গোল করে বাংলার ব্যবধান কমায়। কিন্তু ৮৮ মিনিটে আবারও গোল করে মণিপুর।