ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে স্বস্তি পেলেন জামশেদপুর এফসি-র ফুটবলাররা। কারণ, টাটা স্টিল জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টং প্রাইভেট লিমিটেড-এর ইকুইটি অংশীদারিত্ব চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হয়েছে। মাত্র ১০০ টাকার টোকেনে এই হস্তান্তর হয়েছে। ফলে জামশেদপুর এফসি-র লাইসেন্স নিয়েই এবারের আইএসএলে খেলবে চার্চিল ব্রাদার্স।
গোয়ার ক্লাবটির কর্ণধার অ্যালেমাও চার্চিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনও প্রতীকী মূল্যে নয়, আমরা জামশেদপুর এফসি-র সম্পূর্ণ শেয়ারই ১০০ টাকায় কিনে নিয়েছি। এর মধ্যে কোনও লুকোছাপা নেই। অন্য কোনও আর্থিক চুক্তিও হয়নি। ১০০ টাকার টোকেনেই দু’পক্ষের চুক্তি হয়েছে।
তবে ইকুইটি হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও ১৫ দিন। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে ফোনে পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, এআইএফএফ এই হস্তান্তরে অনুমোদন দিচ্ছে। আগেই চার্চিলের তরফে এই হস্তান্তর এবং টাটার লাইসেন্স নেওয়ার কথা ফেডারেশনকে জানানো হয়েছিল।
ক্লাবের শেয়ার হস্তান্তরের ফলে জামশেদপুরের সঙ্গে চুক্তিবদ্ধ ১২ জন ফুটবলার এবং দুই কোচের চুক্তিও নতুন মালিকানার অধীনে চলে আসবে। সেই চুক্তি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর থেকে জামশেদপুর এফসি-র ফুটবলার ও কোচিং স্টাফদের দায়িত্ব গ্রহণ করবে চার্চিল ব্রাদার্স। এর ফলে সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেরা আইএসএলে খেলার পাশাপাশি তাঁদের পেশাদার কেরিয়ারও অব্যাহত রাখার সুযোগ পাবেন। এই ইকুইটি হস্তান্তর নিয়ে সমাজমাধ্যমে টাটা স্টিলের তরফে এক বিবৃতিও দেওয়া হয়েছে। টাটা জানিয়েছে, ক্লাবের মালিকানা থেকে সরে দাঁড়ালেও তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদি উদ্যোগ জারি থাকবে।
















