ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে হারের বদলা নিল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে এক ইনিংস ও ৫১ রানে হারাল প্যাট কামিন্সের দল।
ম্যাচে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার পেস সহায়ক উইকেটে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আর প্রথম টেস্ট হারের পর খোঁচা খাওয়া বাঘের মতো বদলা নেওয়ার অপেক্ষায় ছিল অজিরা। প্রথম ইনিংসে ৬৪ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯৫। ম্যাকেতে মাত্র দেড়দিনে এক ইনিংস-সহ ৫১ রানে হারল ওপার বাংলার টাইগাররা। দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ সমতায়।
বাংলাদেশ ৬৪ রানে অল আউট হওয়ার পর প্রথম দিনের শেষে অজিদের স্কোর ছিল ১৬৫-৮। ম্যাকেতে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনই পড়ল ১৮ উইকেট।প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ১০১ রানে।দ্বিতীয় দিন সকালে শেষ দুই অজি ব্যাটার আরও ৫৫ রান যোগ করলেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ২১০ রানে। তাতেও প্রথম ইনিংসে অজিরা দেড়শোর বেশি লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশ। স্টার্কের আগুনের বোলিংয়ের সঙ্গে দোসর কামিন্স। স্টার্ক এবার তুললেন ৪ উইকেট। ৩ উইকেট পেলেন কামিন্স।
অজি সম্মানরক্ষায় সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকা অস্ট্রেলীয়রা মাত্র ছ’দিনের মধ্যেই প্রতিপক্ষকে ৬৪ রানে অল আউট করে বার্তা দিয়েছে। সৌজন্যে মিচেল স্টার্ক। অস্ট্রেলীয় স্পিডস্টারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৪ ওভারেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। ১০ ওভারে ১২ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। তার মধ্যে মাত্র ৩.৪ ওভারের মধ্যেই ৫ উইকেট নেন স্টার্ক। ডেল স্টেইনের রেকর্ড ভেঙে ইনিংসে দ্রুততম পাঁচ উইকেটের নজির অস্ট্রেলীয়র।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ১১ নম্বরে ব্যাট করতে নামা ডান হাতি পেসার শরিফুল (১৪)। শেষ উইকেটে তাঁর ও তাইজুল ইসলামের (অপরাজিত ১১) জুটির জন্যই ৫০ পেরোতে পেরেছে বাংলাদেশ।
পরে বল হাতে সেই শরিফুলই পাল্টা প্রত্যাঘাতে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান। স্টার্কের ‘ছক্কার’ জবাব শরিফুলেরও ৬ উইকেট। লাবুশেনরা ফের ব্যর্থ। অপরাজিত ক্যামেরন গ্রিন (৫১) ও নাথান লিয়ন (১০)। ঘরের মাঠে সিরিজ বাচিয়ে সম্মানরক্ষা অজিদের।
বাংলাদেশ হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে সুবিধা হবে ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতলে পয়েন্ট তালিকায় টাইগারদের টপকে যেতে পারবে ভারত।
















