অপেক্ষার অবসান, শনিবার জাপানের আইচি নাগোয়ায় পালোমা মিজুহ স্টেডিয়ামে কুড়িতম এশিয়ান গেমসের জমকানো উদ্বোধন হয়ে গেল। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্টেডিয়ামে ভারতীয় দলের প্রবেশ গ্যালারিতে একটা আলাদা উন্মাদনা তৈরি করে। টিম ইন্ডিয়ার পতাকাবাহক হয়ে মার্চ পাস্টে নেতৃত্ব দেন প্যারিস অলিম্পিকসের জোড়া পদক জয়ী শুটিং সেনসেশন মনু ভাকের এবং তারকা কবাডি খেলোয়াড় পবন শেরাওয়াত। তবে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বিড়ম্বনায় পড়তে হল ভারতীয়দের।এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আসরে উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনকে বিশেষ সম্মান হিসেবে দেখা হয়। অথচ এদিন গত দুটো এশিয়াডে শট পাটে সোনা জয়ী তাজিন্দর পাল সিং তুরকে শেষ মুহূর্তে সরে দাঁড়াতে হল। 

এদিন উদ্বোধনী মঞ্চে ভারতের থিম রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছিল গভীর নেভি ব্লু। অ্যাথলিটদের ঐতিহ্যবাহী পোশাক সকলের নজর কেড়েছে। মহিলা অ্যাথলিটরা গুজরাটের সিধা পাল্লু স্টাইলে নেভি ব্লু শাড়ি  জড়িয়ে স্টেডিয়ামে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেন। পুরুষ ক্রীড়াবিদরা পরে ছিলেন নেভি ব্লু বন্ধগলা স্যুট। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে গত দুটো এশিয়াডে শট পাটে সোনাজয়ী তাজিন্দর পালের জার্সি এসে না পৌঁছনোর ফলে শেষ মুহূর্তে সরে দাঁড়াতে হয় তাঁকে। তাজিন্দর বলেন, 'শনিবার স্থানীয় সময় দুপুর ৩টের সময় আমার কিট নাগোয়া বিমানবন্দরে এসে পৌঁছবে। বিমানবন্দর থেকে কিট নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামে পৌঁছনো অসম্ভব। তাই আমি আইওএ-কে জানিয়েছি, উদ্বোধনী অনুষ্ঠানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। শুধু আমার নয়, অ্যাথলিটদের কেউই এখনও কিট হাতে পায়নি।' 

এমনিতেই ভারত-সহ বিভিন্ন দেশের অ্যাথলিটদের থাকার ব্যবস্থায় অসন্তোষ বাড়ছে। তারমধ্যে শনিবার গেমসের জমকালো উদ্বোধনের মাঝেই ফের পোশাক বিভ্রাটে বিতর্ক বাড়ল।