বিশ্বকাপ সফর ভালো না গেলেও জীবনসফরের প্রতিটা পদক্ষেপে প্রিয় মানুষকে পাশে নিয়ে এগিয়ে চলতে এবার নাকি বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! খবর ছড়িয়ে পড়তেই বাড়ছে জল্পনা, ফিসফাস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি নিমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে ১ অগাস্ট অর্থাৎ আজ শনিবার পর্তুগিজ তারকার এবং জনপ্রিয় মডেল জর্জিনার (Georgina Rodrigues) বিবাহ বাসর আয়োজিত হবে বলে উল্লেখ রয়েছে। যদিও ভাইরাল কার্ডের সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন। রিয়াল মাদ্রিদের খেলার সময় থেকেই স্প্যানিশ মডেলের সঙ্গে প্রেমের সম্পর্ক পর্তুগিজ মহাতারকার। রোনাল্ডো (CR 7) একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন ২০২৬ সালে নাকি তিনি বিয়ে করবেন। যার ফলে সোশ্যাল মিডিয়ায় নিমন্ত্রণপত্র পোস্ট হতেই জল্পনা শুরু হয়। জানা যায় পর্তুগালের এক সৈকত তীরবর্তী দুর্গে নাকি বিবাহ বাসরের আয়োজন হয়েছে। অতিথি তালিকায় কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রডরিগোর মতো ফুটবলারদের পাশাপাশি সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্বও উপস্থিত থাকতে চলেছেন। যদিও নিমন্ত্রণপত্রে বিভিন্ন সংস্করণে সময়ের গরমিল এই কার্ডের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি শোনা গিয়েছিল স্পেনের মায়োর্কায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডোরা। বিয়ে নিয়ে অবশ্য ফুটবলের মহাতারকা কিংবা তাঁর গার্লফ্রেন্ড কেউ কোনও মন্তব্য করেননি।