চলতি ফুটবল বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে দুই সেমিফাইনালিস্ট পেয়ে যাবেন ক্রীড়া প্রেমীরা। তবে নিঃসন্দেহে রবিবার সকালের হাইভোল্টেজ আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ ঘিরে আলাদা উন্মাদনা রয়েছে। এখনও পর্যন্ত লিওনেল মেসিদের (LM 10) প্রতি জয়ের পরই একটা করে বিতর্ক জুড়েছে আর্জেন্টিনা সঙ্গে। ' রেফারি সহায়তা করছে' মন্তব্যের পাশাপাশি, 'ফিফা বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে' বলেও বারবার কটাক্ষ করা হয়েছে আকাশী-সাদা জার্সির মালিকদের। কিন্তু এই সব কিছুকে আমল দিতে নারাজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি আত্মবিশ্বাসী। বলছেন, বিতর্ক বা সমালোচনা নতুন কিছু নয়। এগুলোই এগিয়ে চলার অনুপ্রেরণা।
একদিকে ম্যাচের মাঝে বিতর্কিত সিদ্ধান্তের সুফল পাচ্ছে আর্জেন্টিনা, অন্যদিকে সুবিধাজনক সূচি সব ক্ষেত্রেই সহায়ক হচ্ছে মেসিদের - ফুটবল মহলের অন্দরে কান পাতলে এখন এই নিয়েই বেশি চর্চা। ব্রাজিল ও পর্তুগাল আউট হয়ে যাওয়ার পর মাঠে-ঘাটে আড্ডাতেও আর্জেন্টিনার ফুটবল গুরুত্বকে খাটো করে ফিফার (Fifa ) পক্ষপাতিত্বকে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে। আর এইসব সমালোচনাকে অস্ত্র করেই দলকে তাতাতে চাইছেন কোচ। প্রযুক্তি যুগে কি আদৌ কোনও দল বাড়তি সুবিধা পেতে পারে? স্কালোনি বলছেন, “আসলে আমরা আগের বিশ্বকাপ জিতেছি বলেই হয়তো অনেকে চায় না আমরা আবার জিতি। আমরা সেটা জানি। এই সমালোচনা এবং মন্তব্যই আমাদের ফুটবলারদের আরও অনুপ্রাণিত করে। এগুলোকে আমরা লড়াই করার শক্তি হিসেবে দেখি। এগুলোই ভালো পারফর্ম করার অনুপ্রেরণা জোগায়।” কোচের কথা অনুযায়ী ১৯৮৬ সালে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে তখন থেকে আজ ৪০ বছর পেরিয়েও তাদের দলকে নিয়ে বিতর্ক থামছে না। আসলে লিওরা ভালো খেললে সমালোচনা বাড়ে, কিন্তু পৃথিবীর একটা বড় অংশের ফুটবলপ্রেমিরা আশায় বুক বেঁধেছেন মেসি (Lionel Messi) ম্যাজিকে কাপ জয়ের আশায়। রবিবার সকাল সাড়ে ছটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
















