বৃহস্পতিবার থেকে মার্লিন রাইজ-এর মাঠে শুরু হল 'মার্লিন সিএসজেসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'। প্রথম দিনেই জমজমাট কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এবং মার্লিন গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত মিডিয়া ফুটবল। দুই দিনের ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার মোট ২৩টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং সন্দীপ নন্দী। টুর্নামেন্টের প্রথম দিনে মোট ১৭টি দল মাঠে নামে।
প্রিন্ট মিডিয়া বিভাগ থেকে যুগশঙ্খ, এই সময়, সংবাদ প্রতিদিন এবং জাগো বাংলা- জয় পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য ইকো অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জাগো বাংলার ৭-০ গোলে জয়। গোলের বন্যা বইল এই ম্যাচে। বৃহস্পতিবারের জয়ী দলগুলো আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। জাগো বাংলার প্রতিপক্ষ সংবাদ প্রতিদিন। ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া থেকে জিতেছে রেভস্পোর্টজ এবং ইউটিউব বুলেটস। শুক্রবার খেলতে নামবে বিশ্ব বাংলা সংবাদ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আইএফএ টিভি।
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন "ক্রীড়া সাংবাদিকদের মার্লিন রাইজ-এর বিশ্বমানের অ্যাস্ট্রো টার্ফে খেলতে দেখে আমরা আনন্দিত। আমাদের এখানকার উন্নত পরিকাঠামোর মাধ্যমে আমরা বাংলার উদীয়মান প্রতিভাদের তুলে আনতে চাই।" সিএসজেসির প্রেসিডেন্ট
অর্চিস্মান ভাদুড়ী বলেন "প্রতিযোগিতার পাশাপাশি এই টুর্নামেন্ট সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব আরও মজবুত করে। সবসময় পাশে থাকার জন্য মার্লিন গ্রুপকে অসংখ্য ধন্যবাদ।"
















