ইস্টবেঙ্গলকে (East Bengal) ঘিরে চলা বিতর্ক এবার পৌঁছল ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে। প্রাক্তন কোচ অস্কার ব্রুজোর (Former coach Oscar Bruzon) দাবি, তাঁকে শুধু নয়, তাঁর পরিবার এবং দলের সদস্যদেরও খুনের হুমকি দেওয়া হচ্ছে। গত দু’দিন ধরে এই ধরনের একাধিক বার্তা পাওয়ার অভিযোগ তুলে কলকাতা পুলিশ এবং স্পেনের দূতাবাসের দ্বারস্থ হয়েছেন স্প্যানিশ কোচ। পরিস্থিতির প্রমাণ হিসেবে একাধিক স্ক্রিনশটও প্রকাশ করেছেন তিনি।
সোশাল মিডিয়ায় প্রকাশ করা বার্তাগুলিতে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি রয়েছে বলে অভিযোগ অস্কারের। এমনকী তাঁকে আর ভারতে না ফেরার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। বিষয়টি আর ফুটবল নিয়ে মতবিরোধ বা সমালোচনার পর্যায়ে নেই বলেই মনে করছেন অস্কার। এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ ও স্প্যানিশ দূতাবাসকে ট্যাগ করে তিনি জানান, পাওয়া সমস্ত প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। তাঁর বক্তব্য, প্রমাণ ছাড়া কাউকে সরাসরি দায়ী করতে চান না তিনি।
তবে এই অভিযোগের পিছনে ইস্টবেঙ্গলকে ঘিরে সাম্প্রতিক টানাপোড়েনের ছায়া রয়েছে। ‘মাস্টার’কে কেন্দ্র করে অস্কারের করা মন্তব্যের পরেই ক্লাবের সঙ্গে তাঁর প্রকাশ্য সংঘাত শুরু হয়। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারও পালটা প্রতিক্রিয়া দেন। পরে ‘নীতুদা’কে উল্লেখ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অস্কার। এবার সেই বিতর্কের মধ্যেই প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
অস্কারের পাশাপাশি তাঁর সহকারী আদ্রিয়ানও একই ধরনের হুমকির কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন। অস্কারের দাবি, হুমকির সমস্ত তথ্য ইতিমধ্যেই স্প্যানিশ দূতাবাসকে পাঠানো হয়েছে এবং কলকাতা পুলিশ ও দূতাবাস দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী।
















