কলকাতায় বাগানের নতুন হেডস্যার রবিবার সকালে কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন হেড কোচ পানাগিওটিস ডিলমপেরিস। রবিবার সকালে নেমে দুপুরেই মোহনবাগানের কলকাতা লিগের ম্যাচ দেখতে মোহনবাগান মাঠে হাজির হেড কোচ পানাগিওটিস ডিলমপেরিস। নতুন কোচের আগমনের দিনেই দলবদলে বড় ঘোষণা করে দিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।
স্পোর্টিং ক্লাব দিল্লি থেকে তিন বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন অ্যালেক্স সাজি। এফসি গোয়া থেকে দুই বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন ডেজান ড্র্যাজিচ(Dejan Drazic)। সোমবার শহরে আসবেন অ্যালেক্স সাজি, বুধবার শহরে আসবেন ডেজান ড্র্যাজিচ।
মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে দেজান ড্রাজিচ বলেছেন, “মোহনবাগান এশিয়ার অন্যতম বড় ক্লাব। ইতিহাস, ঐতিহ্য এবং পরম্পরার পাশাপাশি এই ক্লাবের সঙ্গে রয়েছে বিশাল সদস্য-সমর্থক। তাই যখন ক্লাব ম্যানেজমেন্টের কাছ থেকে প্রথম প্রস্তাব আসে তখন সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করিনি। কারন এই ক্লাব দলই তৈরি করে ট্রফি পাওয়ার জন্য। জেতার জন্য। আমি মনে করি আমার মানসিকতার সঙ্গে যা খাপ খায়। আমি এরকম ক্লাবে খেলে নিজেকে প্রমান করতে ভালোবাসি।“
কলকাতায় আসার আগে ডার্বি নিয়ে রীতিমতো হোমওয়ার্ক সেরে নিয়েছেন সার্বিয়ান বিদেশি। তাঁর কথায়, “ভারতে আসার আগে থেকেই কলকাতা ডার্বি সম্পর্কে শুনেছি। এশীয়ার অন্যতম সেরা ডার্বি এটি। আই এস এল খেলার সময় দেখেছি এই ম্যাচ নিয়ে ক্লাব সমর্থকদের আবেগ এবং উন্মাদনা থাকে। এটা একটা বিশেষ অভিজ্ঞতা হবে। যে কোনও ফুটবলারের কাছেই স্বপ্ন থাকে এরকম ম্যাচ খেলার। আমিও এই উত্তেজনা উপভোগ করতে চাই। কলকাতা ডার্বির উত্তেজনা এবং পরিবেশ দেখার জন্য মুখিয়ে আছি।“
অন্যদিকে, অ্যালেক্স সাজি বলেছেন, “মোহনবাগানের মতো ঐতিহ্য ও সফল ক্লাবের জার্সি পরার স্বপ্ন দেশের সব ফুটবলারেরই থাকে। আমারও স্বপ্ন ছিল এখানে খেলার। তাই সুযোগ আসার সঙ্গে সঙ্গে তা নিয়েছি কারণ এটাই সবুজ মেরুন জার্সি পরে খেলার সেরা সময়। আমি এবং আমার পরিবার গর্বিত যে এরকম একটা ক্লাব খেলার সুযোগ পেয়েছি। অনুশীলনে নামার জন্য এবং খেলার জন্য মুখিয়ে আছি।“
















