বহু প্রতীক্ষিত ভারত-ব্রাজিল ম্যাচের প্রস্তুতিতে নতুন রূপ নিচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে পরিকাঠামোগত সংস্কারের মাঝেই নজর কেড়েছে স্টেডিয়ামের রঙের পরিবর্তন। এতদিন যুবভারতীর গ্যালারি ও দেওয়ালে থাকা নীল-সাদার সীমানা বদলে জায়গা করে নিচ্ছে গেরুয়া রং। রাজনৈতিক পালাবদলের পর আগেই যুবভারতী থেকে ‘বিশ্ব বাংলা’ লোগো সরানো হয়েছিল, এবার বদলে গেল রং-ও। যদিও এই পরিবর্তন নিয়ে বিতর্কে জড়াতে চাননি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানান, বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। ফেডারেশনের দায়িত্ব কেবল মূল মাঠ ও টেকনিক্যাল এরিয়া তদারকি করা।
ম্যাচের দিন ঘনিয়ে আসার মুখে টিকিটের আকাল ও চড়া দাম নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই ক্ষোভে প্রলেপ দিয়ে এ দিন বড় ঘোষণা করেন ফেডারেশন সভাপতি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং কলকাতার তিন প্রধান— মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংয়ের কর্তাদের সঙ্গে বৈঠকের পর ঠিক হয়েছে, আইএফএ-র মাধ্যমেও টিকিট পাওয়া যাবে। ক্লাবগুলির চাহিদামতো টিকিট বরাদ্দ করবে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। বিশেষত তিন ক্লাবের সদস্য-সমর্থকদের কথা মাথায় রেখে যুবভারতীর দুই গোলপোস্টের পেছনের ‘বি-২’ এবং ‘ডি-২’ ব্লকের টিকিটের মূল্যে বিশেষ ছাড় দেওয়া হবে। এই দুই ব্লক মিলিয়ে মোট ১৪ হাজার টিকিট ছাড়া হবে বাজারে, যা ক্লাব তাঁবু থেকেও সংগ্রহ করা যাবে। এ ছাড়াও আইএফএ অনুমোদিত ক্লাব, প্রাক্তন ফুটবলার, কোচ ও রেফারিরাও সরাসরি এই সুবিধার আওতায় আসছেন। ডুরান্ড কাপের মতো এই ম্যাচেও কার্যকর থাকবে ডিজিটাল টিকিটিং ব্যবস্থা।
ফুটবলের উন্মাদনা গোটা রাজ্যে ছড়িয়ে দিতে জেলাগুলিতে ‘ফ্যান পার্ক’ গড়ার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। বড় পর্দায় খেলা দেখার সুযোগ পাবেন জেলা স্তরের দর্শকরা।
এদিকে মাঠের প্রস্তুতি নিয়েও আশ্বস্ত করেছেন কল্যাণ চৌবে। ডুরান্ড চলাকালীন ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল যুবভারতীর ঘাসের ঘনত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও, বর্তমানে কলকাতায় থাকা ব্রাজিলীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই মূল মাঠ ও দুটি প্র্যাকটিস গ্রাউন্ডকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। ফেডারেশন সভাপতির দাবি, বর্তমান মাঠ নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। পাশাপাশি উরুগুয়ে ম্যাচ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে তিনি জানান, ওই ম্যাচ নিয়েও কোনও জটিলতা নেই এবং দ্রুত সব ব্যবস্থাপনা সম্পূর্ণ হবে।
















