এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ কোয়ালিফাইং প্লে অফ পর্বে বুধবার ঘরের মাঠে  ইস্টবেঙ্গল খেলতে নামছে আল আরবি এসসির বিরুদ্ধে।  এই ম্যাচটি যারা জিতবে তারা এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার সুযোগ পাবে। এই ম্য়াচে জয় চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের মূলপর্বে পৌঁছে দিতে পারে ইস্টবেঙ্গলকে ৷ তবে হারলে মহাদেশীয় প্রতিযোগিতার তৃতীয় পর্যায় এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করবে  ইস্টবেঙ্গল ৷ 

 

 

কঠিন ম্যাচের আগে  লাল-হলুদ কোচ হাবাসকে ভাবাচ্ছে   বিদেশির অভাব। স্পেনের ডিফেন্ডার নাচো কবে নামবেন কেউ জানে না। জল্পনা শুরু হয়েছে যে, তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ক্লাব। নাইজিরিয়ার স্ট্রাইকার এনসুংগুসি এফিয়ং এখনও দলে যোগ দেননি। ফলে বুধবারের ম্যাচে তিনিও নেই। আর এক বিদেশি অস্ট্রেলিয়ার ক্রিস ইকোনোমিডিস এখনও পুরো ম্যাচ খেলার জায়গায় আসেননি। এখনও ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে স্বদেশি ব্রিগেডের উপরই ভরসা করতে হবে হাবাসকে। 

 

 বুধবারের ম্যাচে দুই বিদেশি দানি রামিরেস ও মহম্মদ রশিদকে রেখেই প্রথম একাদশ গড়া ছাড়া উপায় নেই ইস্টবেঙ্গলের। অপর দিকে আল আরবি দলে রয়েছেন ছয় বিদেশি। 

যা পরিস্থিতি তাতে ৪-২-৩-১ ছকে দল সাজাতে হবে হাবাসকে ৷ সেক্ষেত্রে চার ডিফেন্ডারের সামনে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে থাকতে পারেন জিকসন সিং ও মহম্মদ রশিদ ৷ মাঝমাঠের দায়িত্ব থাকবে বিপিন সিং, দানি রামিরেজ ও রোহি ত দানু'র কাঁধে ৷ সামনে একা শুরু করবেন এডমুন্ড লালরিনডিকা ৷ 

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে  হাবাস বলেন , এই ম্যাচে সমর্থকদের পাশে চাইছি আমরা। ওরা পাশে থাকলে আমরা বাড়তি সুবিধা পাবো। সমর্থকরা যেন মাঠ ভরিয়ে তোলে।আমাদের ম্যাচটা বুদ্ধি করে খেলতে হবে। প্রস্তুতি ভালো হয়নি কারণ সময় কম। হয়ত ম্যাচ এক্সট্রা টাইমে যেতে পারে। এখন আমাদের হাতে বিদেশি ফরোয়ার্ড বা ডিফেন্ডার নেই। তবে আমাদের ভালো খেলে ম্যাচ জিততে হবে।নাচোর চোট রয়েছে, তবে আমি ম্যাচ নিয়ে কথা বলতে চাই, কোনও ব্যক্তিকে নিয়ে নয়।

 

মহম্মদ রশিদ বলেন, জাইদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। ও আমার কাছে ভাইয়ের মত। তবে আগামীকাল আমরা প্রতিপক্ষ। তবে আমার দেশের খেলোয়াড়কে প্রতিপক্ষে পেয়ে খুশি, কারণ এতে বোঝা যায় আমাদের দেশ থেকে খেলোয়াড়েরা ভালো জায়গায় আসছে।

 

কুয়েতের দলের গোরান সাবলিচ বলেন, আমি ইস্টবেঙ্গলের কোনও একজন ফুটবলারের বিষয়ে বলতে চাই না। ওদের খেলোয়াড়েরা যথেষ্ট ভালো। ওদের স্ট্রাইকার আর উইঙ্গারদের দিকে নজর রাখতে হবে আমাদের। সাবধানতার সঙ্গে খেলতে হবে।

ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ফ্যানকোড অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। 

        একনজরে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ: গিল (গোলরক্ষক), আনোয়ার, সন্দীপ, জয়, বরিস, জিকসন, রশিদ, বিপিন, রামিরেজ, দানু, এডমুন্ড ৷