ছিটকে গেলেন নাচো, এসিলের আগে বেকায়দায় ইস্টবেঙ্গল
দলের স্প্যানিশ সেন্টার ব্যাক নাচো মনসালভে চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁকে পুরো মরশুমেই পাওয়া নিয়ে সংশয়।
Sponsored

কুয়েতের আল আরাবি-র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে ঘোর সমস্যায় ইস্টবেঙ্গল। দলের স্প্যানিশ সেন্টার ব্যাক নাচো মনসালভে চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁকে পুরো মরশুমেই পাওয়া নিয়ে সংশয়। যে কারণে তাঁর পরিবর্ত নেওয়া হতে পারে। ডুরান্ডে হাঁটুতে চোট পেয়েছিলেন নাচো। তারপর থেকে একদিনও অনুশীলনে নামতে পারেননি। সোমবারও স্প্যানিশ ডিফেন্ডার অনুশীলনে অনুপস্থিত।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, তাঁকে বাকি মরশুমে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছেন কোচ হাবাস। তিনি পরিবর্ত চেয়েছেন ক্লাবের কাছে। কিন্তু সেক্ষেত্রেও বড় সমস্যা রয়েছে। নাচোকে ছাড়তে গেলে ক্ষতিপূরণ দিতে হবে। এবার লগ্নিকারী ছাড়াই দল গড়ছেন ক্লাব কর্তারা। আর্থিক সমস্যার মধ্যেও লড়াই করার মতো একটা দল গড়েছে ক্লাব। এখনও ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করতে পারেনি ইস্টবেঙ্গল। তারমধ্যে শুরুতেই নতুন রিক্রুট হওয়া ডিফেন্ডারের চোটে জোর ধাক্কা খেয়েছে দল। নাচোর চোটের পরিস্থিতি ঠিক কী? কতটা গুরুতর তাঁর হাঁটুর চোট, তা নিয়ে ধোঁয়াশা রেখেছে ম্যানেজমেন্ট।
এই পরিস্থিতিতে আল আরাবি ম্যাচের প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গলের। কুয়েতের ক্লাবটি যখন ছয় বিদেশি নিয়ে কলকাতায় খেলতে এসেছে, তখন ইস্টবেঙ্গলের হাতে মাত্র তিন বিদেশি। হাবাসের অনুশীলনে যা ইঙ্গিত, তাতে প্রথম একাদশে মহম্মদ রশিদ ও দানি রামিরেজ শুরু করবেন। বেঞ্চে থাকবেন শুধু অস্ট্রেলীয় অ্যাটাকার ক্রিস ইকোনমিডিস। আল আরাবি-র গতির সঙ্গে পাল্লা দিয়েই ৪-৩-৩ ফর্মেশনে দলকে খেলাতে চাইছেন ইস্টবেঙ্গলের অভিজ্ঞ স্প্যানিশ কোচ। নাচো না থাকায় জাহিদদের বিরুদ্ধে সম্পূর্ণ ভারতীয় রক্ষণ নিয়ে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। আনোয়ার, নুঙ্গা, সন্দীপ মাণ্ডিদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












