দলগত ইভেন্টের পর মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন ইলাভেনিল ভালারিভান (Elavenil Valarivan)। এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে জোড়া পদক শুটিং থেকে। সোনম মাসকার, ইলাভেনিল ভালারিভান এবং বিদারসা বিনোদরা ভারতকে প্রথম পদক এনে দেন দলগত ইভেন্টে। একইসঙ্গে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠলেও একটুর জন্য পদক হাতছাড়া হল তাঁর। দশমিক ভগ্নাংশে জাপানের তাইচি হিনাতা'র কাছে সোনা হাতছাড়া হল এলাভেনিলের ৷
দলগত ইভেন্টে রূপো জয়ের পর যোগ্যতা অর্জন পর্বে ৬৩৩.৫ পয়েন্ট সংগ্রহ করে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে প্রবেশ করেন ইলাভেনিল ভালারিভান (Elavenil Valarivan )৷ যোগ্যতা অর্জনে সপ্তমস্থানে শেষ করলেও ফাইনাল রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তন করলেন ৷ টানটান লড়াইয়ের ফাইনালে ইলাভেনিলের স্কোর ২৫২.৪। জাপানের হিনাতা তাইচি ২৫৩.০ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন। ফাইনাল ম্যাচে প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। সিংহভাগ সময়ই লিড ধরে রেখেছিলেন ভারতীয় শুটার। একসময় মনে হচ্ছিল সোনা জিততেই চলেছে । কিন্তু ২২তম শটে গিয়ে গোটা ছবিটা নাটকীয়ভাবে বদলে যায়।
সোনার লড়াই একেবারে শেষ দুই শটে গিয়ে পৌঁছয়। তখন এলাভেনিলের সঙ্গে হিনাতা তাইচির ব্যবধান ছিল মাত্র ০.৩ পয়েন্ট। কিন্তু স্নায়ুর লড়াই ধরে রেখে বাজিমাত করেন জাপানী শুটার। কিন্তু একই দিনে দলগত ও ব্যক্তিগত ইভেন্টে এক ঘণ্টার ব্যবধানে পদক জিতে নয়া নজির সৃষ্টি করলেন ইলাভেনিল।
তৃতীয়স্থানে শেষ করে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে পৌঁছেছিলেন দলগত ইভেন্টে রুপোজয়ী এলাভেনিলের সতীর্থ সোনমও ৷ কিন্তু ফাইনালে ষষ্ঠস্থানে শেষ করে পদক হাতছাড়া হল তাঁর ৷ অন্যদিকে, ২৫৩.০ পয়েন্ট নিয়ে এশিয়ান গেমসের রেকর্ড গড়ে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি।
এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ফাইনাল রাউন্ডে চিনের কাছে সোনা হাতছাড়া হয় ভারতের। এই ইভেন্টে ১৯০৪.২ স্কোর করে সোনা জিতেছে চিন। খুব অল্পের জন্য সোনা হাতছাড়া হল ইলাভেনিলদের। ভারতের পয়েন্ট ১৮৯৮। তৃতীয় জাপান ১৮৯৭.১। একটা সময় পর্যন্ত পদকের লড়াইয়ে ছিল দক্ষিণ কোরিয়া। কিন্ত শেষ পর্যন্ত চতুর্থ হয় দক্ষিণ কোরিয়া।
















