ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক 'দাদা' (Dada) ঘিরে মহারাজের অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জোর কদমে চলছে শ্যুটিং। নাম ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও (Rajkumar Rao)। কিন্তু এর মাঝেই হঠাৎ করে বড় অভিযোগ 'দাদা'র বিরুদ্ধে। সৌরভের বায়োপিকের জেরে নাকি সমস্যায় পড়েছে লেস্টারশায়ার কাউন্টি ক্লাব। ১৪৭ বছর পুরনো ক্লাবের অভিযোগ সিনেমার শ্যুটিংয়ের কারণে নাকি তাদের মাঠের পিচ খারাপ।হয়ে গিয়েছে। ফলে শুধু ম্যাচে সমস্যা হওয়াই নয় পাশাপাশি নেমে এসেছে কড়া শাস্তির খাঁড়া। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগনের বিরুদ্ধে লেস্টারশায়ারের ম্যাচ ছিল গত মাসের শেষের দিকে। কিন্তু শৃঙ্খলারক্ষা কমিটি সেই ম্যাচের পিচকে নিম্নমানের আখ্যা দিয়েছে। খারাপ পিচের জন্য ১৯ পয়েন্ট কেটে নেওয়া হয় ও আরও ৮ পয়েন্ট শাস্তি দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির কাছে লেস্টারশায়ারের প্রধান গ্রাউন্ডসম্যান বলেন, “ম্যাচের চারদিন আগে মাঠে বলিউডি সিনেমার শুটিং ছিল। আমাকে পিচে কাজ করতে দেওয়া হয়নি। তাই পিচ ঢাকা বা কোনও কিছুর অনুমতি ছিল না।” যদিও এই যুক্তি মানতে চায়নি কমিটি।

১৩ ম্যাচে লেস্টারশায়ার কাউন্টি ক্লাবের পয়েন্ট এখন ৯২, অর্থাৎ অবনমন বাঁচাতে এখন তাদের কাছে দু’টো রাস্তা খোলা আছে। হয় পরের ম্যাচে জিততেই হবে তা না হলে আগামী ১০ দিনের মধ্যে আপিল করে জিততে হবে। ক্লাবের তরফ থেকে এই নিয়ে এখনও অফিশিয়াল কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।