শহর কলকাতা জুড়ে বাড়ছে উন্মাদনা। পুজোর আগেই সল্টলেকে ভারত- ব্রাজিল ম্যাচ। খুব স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ ঊর্ধগামী ফুটবল অনুরাগীদের মনে। আগামী ৩ অক্টোবরের ম্যাচের ব্যস্ততার পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়েও আলোচনায় বসছে AIFF। মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ভারত বনাম ব্রাজিল ম্যাচের পরের দিন অর্থাৎ ৪ অক্টোবর (রবিবার) ফেডারেশনের (AIFF) বিশেষ সাধারণ সভায় নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

আরও পড়ুন: SIR শুনানিতে ডাক প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ -মিতালীর!

যেহেতু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে স্বাভাবিকভাবেই কার্যকরী সমিতির সভা ডাকা যাবে না। তাই রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে (Centre of Excellence) অনুষ্ঠিত হতে চলা বিশেষ সভায় মূলত নির্বাচন পরিচালনার জন্য ইলেক্টোরাল অফিসার নিয়োগ হবে। আসলে শনিবার (৩ অক্টোবর ২০২৬) ভারত-ব্রাজিল ম্যাচের কারণে ফেডারেশনের সব শীর্ষকর্তারা শহরে থাকবেন। সেই কারণেই পরের দিনই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়মমতো ডিসেম্বর এর মধ্যে এআইএফএফ কে নির্বাচন প্রক্রিয়ার সম্পন্ন করতে হবে। নতুন ক্রীড়া প্রশাসন আইন মেনে ফেডারেশনের নতুন সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরও নির্বাচন নিয়ে কোন হেলদোল দেখা যাচ্ছিল না বর্তমান কর্তাদের মধ্যে। এরপরই আইএফএফের অবস্থান জানতে চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন মিনার্ভা অ্যাকাডেমির কর্ণধার রঞ্জিত বাজাজ। রিট পিটেশন দাখিল করার সঙ্গে সঙ্গেই দেখা গেল এবার ফেডারেশন কর্তারা তড়িঘড়ি বিশেষ সাধারণ সভার ডাক দিয়েছেন। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চার তারিখের বৈঠকেই চূড়ান্ত দিন ঘোষণা হয় কিনা এখন সেটাই দেখার।