মাঝে আর মাত্র ১ একদিন। আগামী শনিবার কলকাতায় ভারত বনাম ব্রাজিলের মেগা ম্যাচ। এই ম্যাচ ঘিরে পারদ চড়ছে। প্রথমবার ভারতের মাটিতে খেলবে ব্রাজিলের সিনিয়র দল। ম্যাচের শুরুতেই থাকছে চমক। কিংবদন্তি আই. এম. বিজয়ন ও জোসে ব্যারেটো ঐতিহাসিক কলকাতা ম্যাচে শুভেচ্ছাদূত হিসেবে অফিসিয়াল ম্যাচ বল নিয়ে মাঠে প্রবেশ করবেন।
ভারত-ব্রাজিল ম্যাচ শুরুর আগে অফিসিয়াল ম্যাচ বল হাতে যুবভারতীতে প্রবেশ করবেন ভারতের কিংবদন্তী ফুটবলার আইএম বিজয়ন (I.M. Vijayan) ও কলকাতাবাসীর বলা ভাল মোহনবাগান সমর্থকদের নয়নমণি জোস রামিরেজ ব্যারেটো( José Barreto) । দুই ফুটবল তারকা এমন একটা মহা ফুটবল যজ্ঞে শামিল হতে পেরে উচ্ছ্বসিত ও অভিভূত।
ব্রাজিল দল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে আসছে। বিমানবন্দর থেকে টিম হোটেলের রাস্তা কড়া নিরাপত্তা মোতায়েন থাকছে। বুধবার রাতের দিকে আসন্ন ব্রাজিল বনাম ভারত ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং ফেডারেশন সভাপতি কল্যান চৌবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে আসন্ন দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেন তিনি । বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার গভীর রাতে স্টেডিয়াম পরিদর্শন করতে যান ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের উদ্যোগে আই এফ এ রেজিস্টার্ড সমস্ত ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ফুটবলারদের বিনামূল্যে ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট দেওয়া হবে। জিল ম্যাচের জন্য সমর্থকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে বিখ্যাত বিপণন সংস্থা । একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে। এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে। যদি আপনি অ্যাপে দুটি টিকিট কাটেন ও তারপর অফার সেকশনে গিয়ে লেখেন, তৎক্ষণাৎ আপনার একটি টিকিটের দাম মকুব হয়ে যাবে। তবে টিকিটের চাহিদা খুব বেশি নেই বলেই শোনা যাচ্ছে।
নিউটাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে ভারতীয় টিম প্র্যাক্টিস শুরু করে দিয়েছে। বৃহস্পতিবারের অনুশীলন ক্লোজ ডোর ভারতীয় দলের। কোচ খালিদ জামিলের দলের বঙ্গ সদস্য রহিম আলি বলেছেন, 'আমাকে কোচ যদি ভিনিসিয়াসকে আটকানোর দায়িত্ব দেন, আমি আটকে দেব।'
এদিকে ইতিমধ্যেই শহরে চলে এসেছে উরুগুয়ে দল। বুধবার কলকাতায় এসেই কোচ দিয়াগো ফোরলানের সঙ্গে হালকা আলোচনার পরই কিছু ফুটবলার চলে গেলেন সুইমিং পুলে। কিছু ফুটবলার গেলেন জিমে, রিকভারি সেশনের জন্য। উরুগুয়ের যে ফুটবলাররা মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছেন, তাঁদেরকে কলকাতায় এসে রিকভারি সেশনের জন্য পাঠিয়ে দেন ফোরলান। আর যাঁরা খেলেননি, সেই ফুটবলারদের মধ্যে পাঁচজন ফুটবলারকে প্র্যাকটিসের জন্য যুবভারতীর স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে চলে আসেন।
















