লর্ডসের মাঠে প্রথমবার মহিলা ক্রিকেটারদের টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে। ক্রিকেটের মক্কায় সাদা জার্সিতে দাপট দেখালেন ভারতীয় ক্রিকেটের ক্যুইন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি মিস হল বটে, কিন্তু ঐতিহাসিক ম্যাচে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং মেজাজ এবং প্রথমে জেমিমা ও পরে ক্যাপ্টেন হরমনের (Harmanpreet Kaur) সঙ্গে অনবদ্য জুটির ইনিংস ভারতকে মোটামুটি ভাবে লড়াই এর জায়গায় রাখল। ঐতিহাসিক টেস্টের শুরুটা ভালো না হলেও লর্ডসে ২৮৫ রান করতে সমর্থ হয় ভারতীয় মহিলা ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রথম দিনে এক উইকেট হারালেও শনিবার মাঠে নেমে শুরুতেই আরও দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ব্রিটিশ ব্যাটাররা।

মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় লর্ডসে টেস্ট ম্যাচ বহুদিনের কাঙ্খিত ছিল। সম্প্রতি বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে একেবারেই ভালো ফল করতে পারেনি রিচা - জেমিমারা। এবার ইতিহাস তৈরি করে টেস্ট জেতার লক্ষ্যে নেমেছে টিম ইন্ডিয়া। ৫০ বছর আগে লর্ডসে মহিলাদের এক দিনের ম্যাচ আয়োজন করা হয়েছিল। অবশেষে টেস্ট আয়োজন করল আইসিসি। শুক্রবার প্রথম দিনে যথেষ্ট আগ্রাসী ক্রিকেট খেলে তৃতীয় উইকেটে জেমাইমা রদ্রিগেজের (৩৫) সঙ্গে জুটি বেধে ৬৪ রান তোলেন স্মৃতি। পরে ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেনের চতুর্থ উইকেটে জুটিতে ওঠে ৮৯ রান। এগারোটা বাউন্ডারি আর একটা ছক্কা হাঁকিয়ে স্মৃতি করেন ৮৩, হরমনপ্রীত ৫৮ রান করে আউট হন।

পরবর্তীতে দীপ্তি শর্মার ৫৭ রানের ইনিংস ভারতকে আড়াইশোর গণ্ডি পার করায়।