সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত -ব্রাজিল ম্যাচের সময় যতই এগিয়ে আসছে উন্মাদনা ততই বাড়ছে। ভারতীয় ফুটবলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মেগা ম্যাচের আগে রাজ্যে আসছেন পেলের দেশের কিংবদন্তি ফুটবলার মারকোস ইভাঞ্জেলিসতা দে মোরায়েস (Marcos Evangelista de Morais)। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক সকলের কাছে পরিচিত কাফু (Cafu) নামে। শোনা যাচ্ছে কলকাতা-দার্জিলিং সহ রাজ্যের একাধিক জেলায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। 

ব্রাজিলিয় ফুটবলের সর্বকালের সেরা ডিফেন্ডারদের মধ্যে অন্যতম কাফু নিজের ক্যারিয়ারে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। পরপর তিন বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের তারকা প্লেয়ারের আগমনের খবর ছড়িয়ে পড়তেই খুশি এ রাজ্যের ফুটবলপ্রেমীরা। শোনা যাচ্ছে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিএনসিসিআইতে ভারতীয় ফুটবলের আগামী দিনের রোডম্যাপ এবং ফুটবল বাণিজ্য শীর্ষক একটি আলোচনা চক্রে অংশ নেবেন কিংবদন্তি। দেখা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) সঙ্গেও।

কাফু (Cafu) বাংলায় আসছেন সম্ভবত রবিবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর। সেই দিনই দার্জিলিং শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আর্য চা বাগানে প্রস্তাবিত ‘সিদ্রা হিলস স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসোর্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ব্রাজিলের প্রাক্তন রাইট ব্যাক। জানা গিয়েছে দার্জিলিং ওয়ারিয়র্স এফসি ও নর্থবেঙ্গল ফাইটার্স এফসি নামের দুই সম্পূর্ণ নতুন দলের একটি প্রদর্শনী ম্যাচের আয়োজনও করা হয়েছে। অনুষ্ঠানে কিংবদন্তি ফুটবলারের সঙ্গে মঞ্চে ভাগ করে নেবেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। বাংলার পর্যটন এবং ক্রীড়া ক্ষেত্র এই দুই দিককে একসঙ্গে নিয়ে পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে উল্লিখিত দুই দলের আত্মপ্রকাশ ঘটবে বিশ্বকাপজয়ী প্রাক্তন ব্রাজিলিয়ান তারকার হাত ধরেই। আর তারপর ঠিক এক মাসের মাথায় ভারত বনাম ব্রাজিল ম্যাচ হবে কলকাতায়। এককথায় সাম্বার দেশের ফুটবল আবেগে ভাসছে বাংলার ক্রীড়াপ্রেমীরা।