আসন্ন পানামা-ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের  জন্য ২৬ সদস্যের ভারতীয় ফুটবল দল ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল। ঘোষিত দলে একাধিক পরিচিত মুখের পাশাপাশি তরুণ ফুটবলারদেরও রাখা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গিল, তবে সুযোগ হয়নি মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বর্তমান  সময়ে সেরা গোলরক্ষকের নাম বিশাল। পারফরম্যান্স সেই কথাই বলছে। কিন্তু অজানা কারণে জাতীয় দলে সুযোগ হল না বাগান গোলরক্ষকের। 

 বিশাল গত কয়েক মরশুম সবুজ-মেরুন জার্সি গায়ে লাগাতার অনবদ্য পারফর্ম করে চলেছেন। অতীতে জাতীয় দলেও খেলেছেন। কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তাৎপর্যপূর্ণভাবে বাদ পড়ার পর সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছেন বিশাল। সেখানে আইএসএল ট্রফি-সহ নিজের ছবিও দিয়েছেন। এটা কি কোচ খালিদ জামিলের উদ্দেশে তাঁর বার্তা? উঠছে প্রশ্ন।

আশ্চর্যজনকভাবে খালিদের বাছাই করা ২৬ জনের দলে নেই অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। তিনি কেন বাদ পড়েছেন সেটা অজানা। এটুকু নিশ্চিতভাবে বলা যায় সন্দেশের কোনও চোট নেই। বয়স যদি সন্দেশের বাদ যাওয়ার কারণ হয়, সেটা মেনে নেওয়া যায় না। ফিটনেস নিয়ে সমস্যা নেই,  সন্দেশের ফর্ম যে খুব খারাপ এমনও নয়। বরং ইগর স্টিমাচ জাতীয় কোচ থাকাকালীন স্টপারে আনোয়ার আলির সঙ্গে জুটি বেঁধে প্রচুর আন্তর্জাতিক ম্যাচে নজরকাড়া পারফরমেন্স দিয়েছেন সন্দেশ। তাই পানামা, ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেশ রক্ষণে থাকলে গোল হজমের সম্ভাবনাটা কমত বলেই বিশ্বাস। সন্দেশ নিজেও খুব ক্ষুব্ধ ও হতাশ ভারতীয় দল থেকে বাদ পড়ে। ঘনিষ্ঠ মহলে জানিয়েওছেন, ব্রাজিল বা উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ জীবনে বারবার আসে না। সেই সুযোগ হাতছাড়া হলে খারাপ তো লাগবেই।


পানামার বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামা ম্যাচ খেলে ২৮ তারিখ জাতীয় দল নিয়ে কলকাতায় আসবেন খালিদ জামিল। যুবভারতীতে অক্টোবর ৩ তারিখ ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তির বিরুদ্ধে টানা ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।