কয়েকদিন আগে ক্রিকেটে পাকিস্তানকে ধরাশায়ী করেছে ভারতীয় মহিলা দল। এবার হকিতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারতীয় জুনিয়র মহিলা দল। ফলাফল ১৯-০। ক্রিকেট হোক বা হকি, মাঠের লড়াইয়ে  লজ্জা অব্যাহত পাক দলের। 

 বৃহস্পতিবার চিনের মো কি-তে পাকিস্তানকে ১৯ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারতের মহিলা জুনিয়র হকি দল। 
মোট ১৩ জন খেলোয়াড় এই ম্যাচে গোল করেছে। হ্যাটট্রিক করেছে পুজা মালিক। দু’টি করে গোল রশনি আইন্দ, সানিকা মানে, মধু সিদার ও সুপ্রিয়ার। বাকি আট খেলোয়াড় একটি করে গোল করে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারতীয় মহিলা ব্রিগে। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ১০ গোল দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেয় ভারত। বাকি দুটি কোয়ার্টারেও দাপট অব্যাহত থাকে ভারতীয় মহিলা দলের। পূর্ণিমা যাদব, মধু এবং সুপ্রিয়া পরপর তিনটি গোল করেন। চতুর্থ কোয়ার্টারে কৃষ্ণা শর্মার গোলের পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন পূজা। সুপ্রিয়া নিজের জোড়া গোল সেরে ফেলেন। বিনিমা ধান এবং ৬০ মিনিটে রোশনির শেষ গোলের মাধ্যমে ১৯-০ ব্যবধানে বিশাল জয় নিশ্চিত হয়।


শুধু ১৯ গোল করাই নয়, পাকিস্তান দলকে একেবারে ক্লাব স্তরে নামিয়ে আনে ভারত।  ১৯টি গোলের সঙ্গে  ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে। বিপরীতে পাকিস্তান পুরো ম্যাচে কোনও গোল, পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোকই পায়নি। শনিবার প্রতিযোগিতার সেমিফাইনালে নামবে ভারত। শেষ চারে প্রতিপক্ষ কোরিয়া বনাম মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী দল।