গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারত। ভারতের ৪৬২ রানের জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গেল ২৮৪ রানে।স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে ভারতের পকেটে ১৭৮ রানের লিড।
রবিবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৯ উইকেটে ৪৬০। সোমবার ম্যাচের তৃতীয় দিন মাত্র ২ রান যোগ করে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ ২ রানে আউট হন। ১৩ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ভারতের প্রথম ইনিংস সমাপ্ত হয় ৪৬২ রানে। ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা ভাল হয়নি। ওপেনার নিশান ফার্নান্দো (০), তিন নম্বরে নামা দীনেশ চাঁদিমল (৪), চার নম্বরে নামা কামিন্দু মেন্ডিসেরা দ্রুত আউট হয়ে যান।
অন্য ওপেনার লাহিরু ইগালাগামাগেও বড় রান পাননি, ২৭ রানেই আউট হলেন। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কঠিন সময়ে দলের ত্রাতা হতে পারেননি অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাও।সোনাল দিনুশার লড়াকু শতরান ও নিরোসান ডিকওয়েলা ৮০ রানের ইনিংসে ভদ্রস্থ রান তোলে শ্রীলঙ্কা।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মানব সুথার। এছাড়া রবীন্দ্র জাদেজা ৩টি, একটি করে উইকেট নেন সিরাজ, কৃষ্ণা ও কুলদীপ।
দেবদত্ত পাড়িক্কল, কেএল রাহুল ও ধ্রুব জুরেলের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে ভারত ৪৬২ রান তোলে। পাড়িক্কল ১৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন।কেএল রাহুল (৮২) এবং ঋষভ পন্থের (৩৯) ব্যাটিং ভারতকে বড় রানের পথে এগিয়ে দেয়।প্রথম দিন চোটের জন্য রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রাহুল। দ্বিতীয় দিনে খুব বেশি রান জুড়তে পারেননি। ৮২ রানে আউট হন ।
হাতে ২ দিন বাকি, গিলরা চাইবেন দ্বিতীয় ইনিংসে দ্রুত অন্তত শ'দেড়েক রান তুলে ইনিংস ডিক্লেয়ার দিতে। যাতে ম্যাচের চতুর্থ ইনিংসে, ধুলো ওড়া পিচে শ্রীলঙ্কাকে সাড়ে তিনশোর কাছাকাছি রান তাড়া করতে হয়।
তৃতীয় দিনে মাইলস্টোন স্পর্শ করলেন জাদেজা। টেস্টে ৪ হাজার রান আর সাড়ে তিনশো উইকেট রয়েছে যাঁদের। সাড়ে তিনশো টেস্ট উইকেট নেওয়া পঞ্চম ভারতীয় ক্রিকেটার হলেন জাডেজা।
















