আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ভারতের।ভিনিসিয়াসদের বিরুদ্ধে   নামার আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না এআইএফএফ। সেপ্টেম্বরে পানামার  বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেতে চলেছে এআইএফএফ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ম্যাচটি হতে পারে। পানামা ছাড়াও আরও তিনটি বিশ্বকাপ খেলা দেশের সঙ্গে আলোচনা চলছে প্রীতি ম্যাচের জন্য।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে রয়েছে পানামা। ২০২৬ বিশ্বকাপে অবশ্য তাদের অভিযান গ্রুপ পর্বেই শেষ হয়ে যায়। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছে তারা। এই দলের বিরুদ্ধে খেলেই ব্রাজিল ম্যাচের প্রস্তুতি সারবে ভারতীয় দল।

এই ম্যাচ নিয়ে ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, ‘ব্রাজ়িল ম্যাচ খেলা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। পানামা-ও ভারতে খেলতে নীতিগতভাবে রাজি হয়েছে। এর পাশাপাশই সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তৃতীয় একটি ফ্রেন্ডলির জন্য আমরা ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেওয়া আরও তিনটি দেশের সঙ্গে আলোচনা করছি।’

 কয়েকদিন আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করতে এসেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। মাঠ-প্র্যাকটিস গ্রাউন্ড সমস্তই ঘুরে দেখেন তাঁরা। সব ভালোভাবে পরীক্ষার পর যুবভারতীতে ক্রীড়ামন্ত্রীর অফিসে আলোচনায় বসেন ব্রাজিল প্রতিনিধিরা। যদিও ব্রাজিল প্রতিনিধিরা মাঠ নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি।

এই অবস্থায় ভারতে পরিদর্শন করার পরই ব্রাজিলের প্রতিনিধি দল যায় বাংলাদেশে। সেখানে  বসুন্ধরা কিংস এরিনা, স্টেডিয়াম এবং একাধিক হোটেল ঘুরে দেখেন তাঁরা। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বাংলাদেশে অনুশীলন করতে পারে ব্রাজিল দল।যদিও রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ মাঠ নিয়ে ব্রাজিলের প্রতিনিধি দলের অসন্তুষটির কথা মানতে নারাজ।