পুজোর আগেই কলকাতা সাম্বা ম্যাজিক। শারদীয়ার মরশুমে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল। জল্পনা চলছিল ভিনিসিয়াস জুনিয়ররা কাদের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলবেন?, বৃহস্পতিবার হল সরকারি ঘোষণা। ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কলকাতায় ব্রাজিলের প্রতিপক্ষ ভারত।
ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে আগেই উল্লেখ করা হয়েছে বিশ্বকাপের পরে প্রথম আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)। জানা গিয়েছে, সেই সূচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবেন ভিনিসিয়াসরা। পাশাপাশি ভারতে আরও একটি ম্যাচ হবে। কলকাতাতেই হতে পারে সেই ম্যাচ। প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত বিশ্বকাপ চলাকালীন সিবিএফ এবং আয়োজকদের মধ্যে এই ম্যাচ নিয়ে আলোচনা হয়েছিল। ভারতের মতো দেশে ব্রাজিলের সমর্থক সংখ্যা চোখে পড়ার মতো।
আন্তর্জাতিক ফুটবলের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবে কলকাতা এর আগে পেলের ক্লাব দল কসমস কলকাতায় খেলে গিয়েছিল। এবার আসছে ব্রাজিল দল এর আগে ব্রাজিলের বিরুদ্ধে কখনো ম্যাচ খেলেনি ভারত। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার জার্সিতে অধিনায়ক লিয়োনেল মেসির অভিষেক হয়েছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
















