শারদীয়ার  মরসুমে কলকাতায় ফুটবল উৎসব। আগামী ৩  অক্টোবরের পর আবার কলকাতায় ফুটবলের মেগা ম্যাচ। আগামী ৬ অক্টোবর ফুটবলের মক্কায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ উরুগুয়ে।  দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল খেলতে আসছে কলকাতায়।

 বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো, আগামী ৬ অক্টোবর কলকাতাতে অনুষ্ঠিত হতে চলেছে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ।  লাতিন আমেরিকার অন্যতম হেভিওয়েট দল উরুগুয়ের বিরুদ্ধে খেলবেন সন্দেশ জিঙ্ঘানরা। কয়েকদিন আগেই জানা গিয়েছিল ব্রাজিলের পাশাপাশি কেপ ভার্দে খেলতে আসবে ভারতে। কিন্তু ভোজিনহোরা ভারতের বিরুদ্ধে খেলবেন না। তাদের পরিবর্তে খেলবে উরুগুয়ে। ফিফা ক্রম তালিকায় ব্রাজিলের স্থান ৫ নম্বরে,২০ নম্বরে আছে উরুগুয়ে, ৪৪ নম্বরে আছে পানামা। বিশ্বের তিনটি শক্তিধর দেশের বিরুদ্ধে খেলা ভারতের জন্য কঠিন পরীক্ষা। 

 তিন দিনের ব্যবধানে কলকাতায় দুটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে শারদীয়ার মরশুমে।  বাঙালির ফুটবলপ্রেমীদের জন্য এর থেকে বড় উপহার আর হতে পারে না। তার আগে ২৬ শে সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর কান্তিধারা স্টেডিয়ামে। আগামী  কয়েক মাসের ঠাসা সূচি রয়েছে ভারতীয় দলের।  সদ্যসমাপ্ত বিশ্বকাপ খেলার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ড সফরে গিয়ে এই ম্যাচের কথা ঘোষণা করেছিলেন। তবে কবে কোথায় ম্যাচটি অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত হয়নি।  দু মাসের ব্যবধানে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত।