কমনওয়েলথ গেমসে ভারতের পদক প্রাপ্তির ধারা অব্যাহত। পুরুষদের +১১০ কেজি ভারোত্তোলন ফাইনালে ভারতের লভপ্রীত সিং রুপো জিতলেন।মাত্র ১ কেজির ব্যবধানে সোনার পদক হাতছাড়া হল পাঞ্জাবের ভারোত্তোলকের। সোনা জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত রুপো পদকেই সন্তুষ্ট থাকতে হল লভপ্রীতকে।
পদক জয়ের পর লভপ্রীত বলেন, ‘ একটুর জন্য সোনা জয় অধরাই থাকল, ফলে কিছুটা হতাশ তো লাগছেই। আগামী প্রতিযোগিতাগুলোতে, বিশেষ করে এশিয়ান গেমসে আরও ভালো করার চেষ্টা করব। আমার এই পদক কোচ বিজয় শর্মা, ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের সহদেব স্যর, ভারত সরকার এবং ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন বিজয় কুমারকে উৎসর্গ করছি। ওঁরা প্রত্যেকেই আমাকে ভীষণ সমর্থন করেছেন।’
কমনওয়েলথে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালীরামনা। শুধু খেলার মাঠেই নয়, গবেষনার সঙ্গেও তিনি যুক্ত। ভিওয়ানির বিশ্ববিদ্যালয় থেকে শারীরশিক্ষা নিয়ে পিএইচডি করছেন সীমা। তাঁর বাবা ছিলেন সেনাবাহিনীতে। জ্যাভলিন থ্রো ও বাস্কেটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন সীমার কোচ তাঁর স্বামী ও ভারতের প্রাক্তন ডিসকাস থ্রোয়ার রবীন্দ্র কালীরামনা।
সন্তানের জন্মের পর ট্রাক থেকে দূরে থাকলেও প্রতিভায় মরছে পড়েনি সীমার। ১১ মাসের বিরতির পর অনুশীলনে ফেরেন। মাতৃত্ব ও পিএইচডি সামলে কমনওয়েলথ গেমসে নেমেই পদক জিতলেই। তিনটি থ্রো ফাউল হয়ে যায়। কিন্তু শেষমেশ ৫৮.৬৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ পদক জয় করলেন সীমা।
বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা ১৭। এর মধ্যে রয়েছে ৩টি সোনা, ১০টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ পদক। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের এই ১৭টি পদকের মধ্যে ৯টিই এসেছে ভারোত্তোলন এবং প্যারা-ভারোত্তোলন ইভেন্ট থেকে।
















